নিউ ইয়র্ক, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে প্রচণ্ড গরমে এ সপ্তাহে বিভিন্ন জায়গায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। ইস্ট কোস্ট এবং মিডওয়েস্ট জুড়ে প্রচণ্ড তাপমাত্রায় অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ।
টেক্সাস থেকে মিনেসোটা, ডেকোটা, ইলিনয়িস, ইন্ডিয়ানাসহ বিভিন্ন রাজ্যে সোমবার তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যায়।
নিউটাউন, আইওয়া এবং মিনেসোটার ম্যাডিসনসহ অনেক জায়গাতেই তাপমাত্রা চলে যায় ১০০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। গরম থেকে রেহাই পেতে মানুষ ভিড় জমায় কুলিং সেন্টারগুলোতে।
জাতীয় আবহাওয়া দপ্তর দেশের মধ্যাঞ্চল এবং ইস্ট কোস্টে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তাপমাত্রা আরো বাড়ার পূর্বাভাস দিয়েছে। ফলে আগামী দিনগুলোতেও প্রচণ্ড গরমের অস্বস্তি থেকে রেহাই পাচ্ছে না মানুষ।
পূর্বাঞ্চলীয় এলাকাকগুলোতে রোববার পর্যন্ত একই পরিস্থিতি বিরাজ করবে বলে মনে করা হচ্ছে। পূর্বাভাসে বলা হয়েছে, এ সপ্তাহান্তে তাপপ্রবাহ অনুভূত হবে দেশের প্রায় ৫০ শতাংশ জুড়ে।
সাউদার্ন প্লেইন এবং মিডওয়েস্ট থেকে শুরু করে উত্তরপূর্বের বেশির ভাগ রাজ্যসহ অন্তত ১৫ টি রাজ্যে ৯০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা বিরাজ করতে পারে।
কর্মকর্তারা জানিয়েছেন, ইস্ট কোস্টের জনবহুল এলাকায় তাপমাত্রা ইতোমধ্যেই প্রচণ্ড বেড়ে যাওয়ায় আরো মানুষের মুত্যু আশঙ্কা করা হচ্ছে।
মিসৌরিতে গরমে ১৩ জনের মৃত্যু হয়েছে। কানসাসের একটি শহরে কয়েকটি বাড়িতে মৃত্যু হয়েছে তিনজনের। ইলিনয়িস কাউন্টিতে মারা গেছে দুই জন।
ওকলাহোমাতেও তিন বছরের একটি বালকসহ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ওকলাহোমায় প্রচণ্ড তাপমাত্রার কারণে খরা দেখা দেওয়ায় চারণভূমি শুকিয়ে খাদ্যাভাবে পড়েছে গবাদি পশুরাও। সাউথ ডেকোটায় বেশ কিছু গবাদি পশু মারা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫১ঘ.
bdnews24