কেপ ক্যানেভেরাল, ফ্লোরিডা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মহাকাশে শেষ মিশন সম্পন্ন করে বৃহস্পতিবার পৃথিবীতে ফিরে এসেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার নভোযান আটলান্টিস।
পৃথিবীতে আটলান্টিসের অবতরণের মধ্য দিয়ে শেষ হলো নাসার ৩০ বছরের শাটল যুগ।
ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে স্থানীয় সময় ভোর ৫টা ৫৬ মিনিট ও গ্রিনিচমান সময় সকাল ৯ টা ৫৬ মিনিটে অবতরণ করে আটলান্টিস।
এরপর আপাতত আর কোনো শাটল নভোযান মহাকাশে যাবে না। তাই শেষবারের মতো আটলান্টিসের পৃথিবীতে ফিরে আসায় আবেগাপ্লুত হয়ে পড়ে স্থানীয়রা।
আটলান্টিসসহ অন্য নভোযানগুলো এখন চলে যাবে জাদুঘরে। মহাকাশ যানের ব্যয়বহুল রক্ষণাবেক্ষণ কর্মসূচির কারণে এগুলোকে অবসরে পাঠিয়ে দিচ্ছে মার্কিন সরকার।
এতে করে শাটল অভিযান পরিচালনায় নিয়োজিত প্রায় ৩ শ' মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছে। তবে একইসঙ্গে নতুন করে বাণিজ্যিক ভিত্তিতে মহাকাশ পরিবহণ শিল্প গড়ে ওঠার দ্বারও খুলে যাচ্ছে এর মধ্য দিয়ে।
ভবিষ্যতে মহাকাশ কর্মসূচি চালাতে নাসা শাটল নভোযানের পরিবর্তে ব্যক্তি মালিকানায় বাণিজ্যিক ভিত্তিতে মহাকাশযান চালুর চিন্তাভাবনা করছে। বাণিজ্যিক উদ্যোগে ইতোমধ্যে কাজও শুরু হয়েছে। তবে এ কাজ শেষ হতে আগামী তিন/চার বছর লেগে যাবে বলে মনে করা হচ্ছে।
আর এ অন্তবর্তী সময়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মানুষ এবং সাজ-সরঞ্জাম আনা-নেওয়ার জন্য রাশিয়ার ওপর নির্ভর করতে হবে নাসাকে।
তবে আগামী বছর থেকে মার্কিন ফার্মগুলোর ওপর নির্ভর করে মহাকাশ স্টেশনে পণ্য পাঠানো এবং ২০১৫ সাল নাগাদ নভোচারী পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসার।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নাসার ১৩৫তম মিশন শেষ করে ফিরে এসেছে আটলান্টিস। ৩০ বছর ধরে চালা নাসার শাটল কর্মসূচিতে দুটি মারাত্মক দুর্ঘটনা ছাড়া অন্য আর তেমন কোনো বত্যয় ঘটেনি।
ওই দুই দুর্ঘটনায় পাঁচটি নভোযানের দুটি বিধ্বস্ত হয়েছে এবং ১৪ জন নভোচারীর প্রাণহানি হয়েছে।
১৬ টি দেশের ১০০ বিলিয়ন ডলার ব্যয়ে এ শাটল কর্মসূচি চালিয়ে এসেছে নাসা।
১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন আনুষ্ঠানিকভাবে শাটল কর্মসূচির উদ্বোধন করেন। এর প্রায় নয় বছর পর নাসা মহাকাশে নভোযান পাঠায়।
কলম্বিয়া, চ্যালেঞ্জার, এন্ডেভার, ডিসকভারি ও অ্যাটলান্টিস নামের পাঁচটি নভোযান ৩০ বছর ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী ও সাজ-সরঞ্জাম আনা-নেওয়া করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৪৩ ঘ.
bdnews24