২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে-বিদেশে চ্যালেঞ্জের মুখে হিনা রব্বানি

দেশে-বিদেশে চ্যালেঞ্জের মুখে পড়ছেন পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 03:51 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

করাচি/ ইসলামাবাদ, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দেশে-বিদেশে চ্যালেঞ্জের মুখে পড়ছেন পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার। পাকিস্তানের মতো কট্টরপন্থি পুরুষ শাসিত সমাজে যেখানে গুরুত্বপূর্ণ পদের জন্য একজন পুরষই বেশি পছন্দনীয়, সেখানে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বয়সের দিক থেকে নবীন নারী হিনার নিয়োগটাই এক ধরনের চ্যালেঞ্জ। তার ওপর চির প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে নতুন আলোচনা আসন্ন হওয়ায় এ সময়টি পাড়ি দেওয়া হিনার জন্য আরো বড় চ্যালেঞ্জ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঁচমাস জুনিয়র মন্ত্রীর দায়িত্ব পালন করার পর মঙ্গলবার ৩৪ বছর বয়সী হিনাকে পূর্ণ মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়। এর আগে তিনি অর্থ ও পরিসংখ্যান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। হিনা অর্থ ও পরিসংখ্যান মন্ত্রণলয়ে থাকার সময় মন্ত্রী ছিলেন শাওকাত তারিন। তিনি বলেন, "পাকিস্তান যে সমস্ত জটিল ইস্যুর মুখে আছে সেগুলো এবং পররাষ্ট্রনীতির জন্য হিনার কাজ চালিয়ে যাওয়া খুব সহজ হবে না। তাকে দেশের ভেতরে অনেক প্রভাবশালী গ্র"পের সঙ্গেও কাজ করতে হবে।" তিনি আরো বলেন, এসবকিছুতেই পরিপক্কতার পরিচয় দিতে হবে তাকে। তাহলেই অগ্নিপরীক্ষায় উৎরাতে পারবেন তিনি। জুলাইয়ের শেষ দিকে নয়াদিল্লিতে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের কথা রয়েছে। গত পাঁচমাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করলেও এ বৈঠককে ঘিরে নতুন পরীক্ষার মুখে পড়বেন হিনা। তার আগে এ সপ্তাহে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় আসিয়ান সম্মেলনের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিয়েচির সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকেই প্রথম পরীক্ষাটা হয়ে যাবে হিনার। এর পাশাপাশি দেশের ভেতরেও হিনার জন্য রয়েছে কিছু চ্যালেঞ্জ। প্রথমেই সামরিক বাহিনীর কাছ থেকে পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিয়ে সমস্যায় পড়বেন তিনি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমলাতন্ত্র চলছে পররাষ্ট্র সচিব সালমান বশিরের নেতৃত্বে। যার ভাই নৌবাহিনীর প্রধান। সেখানে সেনাবাহিনীর স্বার্থই আগে গুরুত্ব পায়। হিনার পূর্বসূরি শাহ মেহমুদ কুরেশিরও সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠতা ছিলো। কিন্তু হিনার সঙ্গে সামরিক বাহিনীর কোনো ঘনিষ্ঠতা নেই। হিনা পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ সংশ্লিষ্ট পার্টির মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করলেও পরে ক্ষমতাসীন পার্টি পিপিপি'তে চলে যান। নিরাপত্তা বাহিনীর সঙ্গে এই পার্টির সম্পর্ক ভালো নয়। তবে দেশে-বিদেশে এতোসব চ্যালেঞ্জের মুখেও হিনা দ্রুতই সবকিছু শিখে নিয়ে কাজ চালিয়ে যেতে সক্ষম হবেন বলে আস্থা প্রকাশ করেছেন পাকিস্তানের একসময়কার বিশেষ সচিব আশফাক হাসান খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১৪৭ঘ.