আম্মান, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার হোমস শহরে জোর দমনাভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সেনা ও প্রেসিডেন্ট আসাদ অনুগত মিলিশিয়াদের হামলায় মঙ্গলবার শহটির আবাসিক এলাকায় ১৬জন নিহত হয়েছে।
সোমবার নিহত ১০জনের শোকযাত্রার অংশ নেওয়া মানুষদের ওপর হামলায় আরো ১০জন নিহত হয়। হোমস শহরের খালিদিয়া এবং বাব অমর এলাকা মিলিয়ে মঙ্গলবার নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।
আন্দোলনকারীদের একটি গোষ্ঠি রয়টার্সকে জানায়, হামলায় আরো বহু লোক আহত হয়েছে। নিরাপত্তাবহিনী ও সাব্বিহা মিলিশিয়ারা রাস্তায় এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। পুরো এলাকাবাসী অবরুদ্ধ হয়ে পড়েছে।
নিহতদের মধ্যে ১২ বছরের এক বালক আছে বলে জানিয়েছে সমন্বয় কমিটি। এ নিয়ে গত কয়েকদিনে হোমস এ নিহতের সংখ্যা দাঁড়ালো অন্তত ৩৩ জনে। মানবাধিকার কর্মী ও শহরের অধিবাসীরা একথা জানিয়েছে।
এ কঠোর দমনাভিযানের কারণে সোমবার দামেস্কে দূতাবাস বন্ধ করে দিয়েছে কাতার। এতে প্রেসিডেন্ট আসাদের ওপর কূটনৈতিক চাপ আরো বাড়লো।
ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তারা আসাদ সরকারের ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের চিন্তাভাবনা করছে।
আসাদ সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর দমননীতি অনুসরণ করছেন। নিরাপত্তাবহিনী ও আসাদ অনুগত মিলিশিয়ারা সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর ধারাবাহিক হামলা চালাচ্ছে।
গত চারমাসের সরকার বিরোধী বিক্ষোভে প্রায় ১৪শ লোক নিহত হয়েছে। গ্রেপ্তার হয়েছে প্রায় ১২ হাজার মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭০০ঘ.
bdnews24