২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু আইন ও বাজার নিয়ে ভারতকে হিলারির তাগিদ

পরমাণু আইন সংশোধন করে মার্কিন কোম্পানিগুলোকে কাজের সুযোগ দেওয়া এবং ভারতের বাজার বিদেশী বিনিয়োগের জন্য উন্মুক্ত করতে আবারও তাগিদ দিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 09:56 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

নয়াদিল্লি, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু আইন সংশোধন করে মার্কিন কোম্পানিগুলোকে কাজের সুযোগ দেওয়া এবং ভারতের বাজার বিদেশী বিনিয়োগের জন্য উন্মুক্ত করতে আবারও তাগিদ দিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ভারত সফররত হিলারি মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু করেন। এসময় দুই দেশের দৃঢ় সম্পর্ক এগিয়ে নিতে বিদ্যমান বাঁধাগুলো অপসারণে দ্রুত পদক্ষেপ নিতে নয়াদিল্লিকে চাপ দেন তিনি। নম্রভাবে আহ্বান জানালেও এ আলোচনায় হিলারির অবস্থান ছিলো অত্যন্ত দৃঢ়চেতা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ভারতে হিলারির এটি দ্বিতীয় সফর। ২০১০ এর নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের মধ্য দিয়ে দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের যে অগ্রগতি হয় তা আরো এগিয়ে নিতেই হিলারির এ সফর। ভারত সফরের সময় ওবামা বিশ্বের বৃহত্তম দুটি গণতান্ত্রিক দেশ ভারত ও যুক্তরাষ্ট্রকে স্বাভাবিক মিত্র বলে ঘোষণা করেন। তবে, পারম্পরিক আলোচনায় ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে যে পরিমাণ প্রত্যাশা করা হয়েছে বাস্তব অগ্রগতি সে তুলানায় অনেক কম। ২০০৮ সালে ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ঐতিহাসিক বেসামরিক পরামাণু সহযোগিতা চুক্তি হয়। ১৯৯৮ সালে পরমাণু বোমার পরীক্ষা চালিয়ে ভারত আন্তর্জাতিকভাবে যে নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছিল এ চুক্তির ফলে দেশটি তা থেকে মুক্ত হয়। চুক্তিটিকে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের প্রধান মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু ২০১০ সালে পরমাণু দূর্ঘটনার ক্ষেত্রে ভারত কঠোর দায়বদ্ধতার বিল পাশ করলে দুদেশের মধ্যে মতবিরোধ তৈরি হয়। কঠোর আইনের কারণে ভারতে বিনোয়োগ থেকে পিছিয়ে যায় মার্কিন কোম্পানিগুলো। তাই যুক্তরাষ্ট্র চায় এ আইন সংশোধন করুক ভারত। তাদের যুক্তি বিশ্বের অন্যান্য দেশের পরমাণু আইনের তুলনায় ভারতীয় আইন কঠোর। ভারতের ১৫ হাজার কোটি ডলারের পরমাণু জ্বালানির বাজারে প্রবেশে যুক্তরাষ্ট্রের ব্যাবসায়ীদের জন্য বাঁধা হয়ে আছে এ আইন। কিন্তু, আগের একটি কারখানা দূর্ঘটনায় ভারতের মধ্যপ্রদেশের ভূপালে শত শত লোক নিহত হয়। ওই ঘটনার জন্য দায়ি যুক্তরাষ্ট্রের কোম্পানি ইউনিয়ন কার্বাইড আইনি দুর্বলতার কারণে উল্লেখযোগ্য কোন শাস্তি ছাড়াই পার পেয়ে যায়। সে ঘটনা হয়তো ভুলে যায়নি ভারতীয় নীতিনির্ধারকরা। দীর্ঘদিন ধরেই ভারত সরকার তার অর্থনীতির বিশেষ কয়েকটি খাতের ১৬০ কোটি ডলারের বাজার বিদেশী বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করে দিতে প্রতিশ্রুতি দিয়ে আসছে। কিন্তু বিরোধী দলগুলোর বিরোধিতার ফলে এক্ষেত্রে এগুতে পারছেনা সরকার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এ প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্যই চাপ দিচ্ছে ভারতকে। ভারতের অর্থমন্ত্রী প্রণব মূখার্জির সাথে বৈঠকে হিলারি ভারতের আভ্যন্তরীণ অর্থ ও বীমার বাজার বিদেশী বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করার প্রতিশ্রুতি চান। তিনি যুক্তরাষ্ট্রের খুচরা পণ্যের ব্যবসায়ীদের জন্য ভারতের খুচরা পণ্যের বাজার উন্মুক্ত করে দেওয়ারও আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের অস্ত্র কেনার মাধ্যমে ভারত-যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা আরো বৃদ্ধি পেতে পারে বলে এসময় হিলারি উল্লেখ করেন। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে যুক্তরাষ্ট্র দৃঢ় সমর্থন দিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দেন হিলারি। এ সময় গত সপ্তাহের মুম্বাই হামলার উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিদের দমনে আরো কঠোর হতে পাকিস্তানকে চাপ দেবে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের ভূমি ব্যবহার করেই জঙ্গিরা বিভিন্ন লক্ষ্যস্থলে হামলা চালায় বলে সাধারণভাবে বিশ্বাস করা হয়। সফরকালে হিলারি আফগানিস্তান ও পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার পরিকল্পনা বিষয়ে ভারতীয় নেতাদের অবহিত করেন। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারে উদ্বেগ প্রকাশ করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা । তিনি বলেন, এতে আফগানিস্তান জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হবে। তিনি এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে নিবিড় নজরদারির পরামর্শ দেন। এসময় হিলারি পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেন, "কোন বিশেষ জঙ্গি দলের জন্য কোন নিরাপদ স্বর্গ থাকতে পারে বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে না এবং কোন সরকার জঙ্গিদের ফ্রি-পাস ও দিতে পারে না"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএমটি/১৫৪৬ ঘ.