কেপ ক্যানাভেরাল, ফ্লোরিডা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ১২ দিনের মিশন শেষে মঙ্গলবার পৃথিবীতে ফিরতে শুরু করেছে নাসার সর্বশেষ শাটল নভোযান আটলান্টিস।
প্রশান্ত মহাসাগরের প্রায় ২৫০ মাইল ওপরে মহাকাশ স্টেশন থেকে গ্রীনিচ মান সময় ৬ টা ২৮ মিনিটে রওনা দিয়েছে আটলান্টিস।
বৃহস্পতিবার সকালে পৃথিবীতে আটলান্টিসের অবতরণের মধ্য দিয়ে শেষ হবে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার ৩০ বছরের শাটল যুগ।
মহাকাশ কেন্দ্র থেকে রওনা হওয়ার মুহূর্তে নভোযানটির কমান্ডার ক্রিস ফার্গুসন বিদায় জানান স্টেশন ক্রুদের।
ওদিকে, নাসার মিশন কন্ট্রোল সেন্টারে ফ্লাইট কন্ট্রোলাররা তখন পিনপতন নিস্তব্ধতায় বসে অবলোকন করছিলেন তাদের ১৩৫তম শাটল মিশন শেষের ঐতিহাসিক এ মুহূর্তটি।
১৬ টি দেশের ১০০ বিলিয়ন ডলার ব্যয়ে এ শাটল কর্মসূচি চালিয়ে আসছে নাসা।
১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন আনুষ্ঠানিকভাবে শাটল কর্মসূচির উদ্বোধন করেন। এর প্রায় নয় বছর পর নাসা মহাকাশে নভোযান পাঠায়।
কলম্বিয়া, চ্যালেঞ্জার, এন্ডেভার, ডিসকভারি ও অ্যাটলান্টিস নামের পাঁচটি নভোযান ৩০ বছর ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী ও সাজ-সরঞ্জাম আনা-নেওয়া করছে।
আটলান্টিসের পর আপাতত কেনেডি স্পেস সেন্টার থেকে আর কোন নভোযান মহাকাশে যাবে না। এ নভোযানগুলো তখন চলে যাবে জাদুঘরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩৩ঘ.
bdnews24