ইস্তানবুল, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্কে মার্কিন দূতাবাসে হামলা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন ১৪ আল- কায়েদা সদস্যকে কারাগারে পাঠিয়েছে দেশটির একটি আদালত।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের তুরস্ক সফরের আগে ১২ জুলাই সন্দেহভাজন ১৫ জনকে আটক করা হয়। এই ১৫ জনের একজনকে গত ছয় মাস ধরে অনুসরণ করে এক সপ্তাহ আগে আটক করা হয়। পরে অন্যদের আটক করে পুলিশ।
লিবিয়া কনটাক্ট গ্রুপের সঙ্গে একটি বৈঠক এবং ধর্মীয় সহনশীলতার ওপর এক আলোচনায় যোগ দিতে হিলারি বর্তমানে তুরস্কের ইস্তানবুলে অবস্থান করছেন।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাতোলিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যায় রাজধানী আঙ্কারার একটি আদালত আটক সন্দেহভাজনদের একজনকে মুক্তি দিয়ে বাকি ১৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।
এদের মধ্যে একজনকে আঙ্কারায় মার্কিন দূতাবাস ও তার আশপাশের কয়েকটি বিদেশি মিশনে নজরদারি করতে দেখা গেছে।
ওই প্রতিবেদনে বলা হয়, এ সপ্তাহে আঙ্কারা প্রদেশে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৭০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট (বোমা তৈরীর গুরুত্বপূর্ণ উপাদান) উদ্ধার করেছে পুলিশ। সন্ত্রাসী হামলা চালানোর উদ্দেশ্যে ওই বিস্ফোরক রাখা হয়েছিলো বলে নিরাপত্তা কর্মকর্তাদের ধারণা।
স্থানীয় সংবাদ মাধমের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজনরা আফগানিস্তানের কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত। গত ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে আল- কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার বদলা নিতে এখানে হামলার পরিকল্পনা করেছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএমটি/১৮৫০ ঘ.
bdnews24