ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেক্সিকোর নুয়েভো লারেডো শহরের একটি কারাগারে দাঙ্গায় অন্ততপক্ষে ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় কারাগার থেকে পালিয়ে গেছে ৫৯ জন বন্দি।
শহরটি যুক্তরাষ্ট্রের টেক্সাসের সীমান্তবর্তী বলে এক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানায়।
মেক্সিকোর তামাউলিপাস অঙ্গরাজ্যের সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, "ভোরে কারাগারে দাঙ্গা লেগে যাওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে সেনারা ওই বন্দিশালাটি ঘিরে রেখেছে।"
"পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে", বলে বিবৃতিতে জানানো হয়।
তামাউলিপাস সরকার জানায়, কারাগার থেকে পালিয়ে যাওয়া ৫৯ জনের মধ্যে ৩৫ জনের বিরুদ্ধে মাদক চোরাচালান ও সশস্ত্র গোষ্ঠীর সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
এই কারাগার থেকেই একই ভাবে গত ডিসেম্বরে ১৫১ জন বন্দি পালিয়ে গিয়েছিল। মেক্সিকোর ইতিহাসে জেল থেকে বন্দি পালানোরও ওটাই ছিল সবচেয়ে বড় ঘটনা।
গত বছর তামাউলিপাসের ৯টি কারাগার থেকে প্রায় ৩৫০ জন বন্দি পালিয়ে যেতে সক্ষম হয়।
অঙ্গরাজ্যটির বিভিন্ন কারাগারে প্রায় ৭ হাজার ৮শ' বন্দি রয়েছে। এদের মধ্যে ১২শ' ৩৮ বন্দি রয়েছে নুয়েভো লারেডোর কারাগারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২২৩ ঘ.
bdnews24