রিও ডি জেনিরো, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত হয়েছে। দেশটির উদ্ধার বিভাগ ও বিমান বাহিনীর কর্মকর্তারা এ খবর জানিয়েছেন ।
বুধবার ভোরে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়ে বিস্ফোরিত হয়। উত্তরপূর্বাঞ্চলীয় রেসিফ শহর থেকে বিমানটি উত্তরপূর্বাঞ্চলীয় অপর শহর নাটালে যাচ্ছিল।
বিধ্বস্ত বিমানের লেজের অংশ ছাড়া বাকী অংশগুলো বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে যায়।
ব্রাজিল বিমান বাহিনী প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটির চালক যান্ত্রিক সমস্যার কথা জানান এবং সমুদ্রতীরবর্তী বেলাভূমিতে জরুরি অবতরণের চেষ্টা চালান। তখনই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় এক নিরাপত্তাকর্মী জানান, তিনি বিধ্বস্ত বিমানের এক নারী যাত্রীকে বিমানের জানালায় দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করতে দেখেছেন, কিন্তু ওই সময় বিমানটি বিস্ফোরিত হলে সব শেষ হয়ে যায়।
দুই ইঞ্জিনের পরিবহন বিমানটি চেক রিপাবলিকে তৈরি বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৩২২ ঘ.
bdnews24