ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুম্বাইয়ে আড়াই বছর আগের ভয়াবহ হামলার জড়িত থাকার অভিযোগে ভারতের কারাগারে আটক আজমল আমির কাসবের জন্মদিনেই হলো এবারের হামলা।
বুধবার ১৪ মিনিটের ব্যবধানে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের তিনটি স্থানে হামলায় নিহত হয়েছে অন্তত ২১ জন।
এতে কারা জড়িত, তা নিশ্চিত করা না গেলেও সন্দেহের তীর ইন্ডিয়ান মুজাহিদিন ও লস্কর-ই তৈয়বার দিকেই।
২০০৮ সালের ২৬ নভেম্বর যে হামলায় ১৬৬ জন নিহত হন, তখন ধরা পড়েন পাকিস্তানি কাসব। ভারত জানিয়েছে, ১০ হামলাকারীর মধ্যে একমাত্র তাকেই জীবিত গ্রেপ্তার করা হয়েছে।
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন বলা হয়েছে, আড়াই বছর পর মুম্বাইয়ে পুনরায় হামলার জন্য যে দিনটি সন্ত্রাসীরা বেছে নিয়েছে তা কাসবের ২৫তম জন্মদিন।
কাসব লস্কর ই তৈয়বার সদস্য হিসেবে চিহ্নিত। ফলে নতুন হামলায়ও সংগঠনটির জড়িত থাকার ইঙ্গিত মিলছে বলে মনে করছেন ভারতের অনেকে।
মুম্বাইয়ের আর্থার রোডে সুরক্ষিত একটি বিশেষ কারাগারে বন্দি এখন কাসব। ৫০ জন কমান্ডো তাকে পাহারায় রাখছে প্রতিক্ষণ। রয়েছে সিসি ক্যামেরাও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০০৫ ঘ.
bdnews24