ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের নিহত ভাইয়ের দাফন অনুষ্ঠানের পর সহিংসতার ঘটনা ঘটেছে। হেলমান্দের গভর্নর ওই অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথেও বোমা বিস্ফোরণ ঘটে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, দাফন অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই কান্দাহার শহরে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের কারণ, ঘটনাস্থল বা হতাহত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
মঙ্গলবার আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সৎভাই আহমেদ ওয়ালি কারজাই নিজ বাসভবনে দেহরক্ষীদের গুলিতে নিহত হন।
কান্দাহারে ওয়ালি কারজাইয়ের দাফনে প্রধান ভূমিকা পালন করেন প্রেসিডেন্ট হামিদ করজাই।
কান্দাহারে প্রাদেশিক গভর্নরের বাসভবনের উঠানে রাখা হয় ওয়ালির লাশ। সেখানে দেশের প্রেসিডেন্টসহ কয়েক হাজার লোক জমায়েত হয়।
প্রেসিডেন্টের উপস্থিতিতে দাফন অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
কান্দাহার থেকে ২০ কিলোমিটার দূরে কারজাইয়ের নিজ গ্রামে ওয়ালিকে দাফন করা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
কান্দাহারের গভর্নরের বাসভবন ঘিরে নিরাপত্তা বাহিনী কঠোর নিরপত্তা বেষ্টনী গড়ে তোলে আর আকাশে চক্কর দেয় হেলিকপ্টার।
কিন্তু এরপরও হামলার ঘটনা ঘটে। তবে দাফন অনুষ্ঠানস্থলে নয়, কিছুটা দূরে।
দাফন অনুষ্ঠানে যোগ দিতে রওনা হওয়া হেলমান্দের গভর্নর গুলাব মঙ্গল অল্পের জন্য বেঁচে গেছেন। তার গাড়ির মাত্র ১০ মিটার দূরে স্থলমাইন বিস্ফোরণ ঘটে।
কাবুল থেকে আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, হেলমান্দের গভর্নরের মুখপাত্র সহিংসতার ঘটনা নিশ্চিত করেছে।
ওই মুখপাত্র জানান, সকালে তারা হেলমান্দ থেকে কান্দাহার যাওয়ার পথে রাস্তার পাশে পেতে রাখা স্থলমাইন তাদের বহনকারী গাড়ির মাত্র ১০ মিটার দূরে বিস্ফোরিত হয়। এতে গভর্নরের দুই দেহরক্ষী আহত হন।
মঙ্গলবার আফগানিস্তান সফররত ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সরকোজির সঙ্গে এক সংবাদ সম্মেলনে কারজাই তার ভাইয়ের নিহত হওয়ার কথা জানান।
আফগান তালেবানরা ওয়ালি কারজাইয়ের হত্যার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, চলতি বছরের প্রথম দিকে 'বদর' অভিযান শুরু করার সময়ই তারা উর্ধ্বতন আফগান কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছিল।
ওই ধারাবাহিকতায়ই আহমেদ ওয়ালি কারজাইকে হত্যা করা হয়।
যারা গত এক বছর ধরে ওয়ালি কারজাইয়ের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছে নিজ গোত্রের সেই দেহরক্ষীদের গুলিতেই তিনি নিহত হন ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭১৫ঘ.
bdnews24