বৈরুত, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দামেস্কে সরকার-পন্থি বিক্ষোভকারীদের যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের দূতাবাসে হামলা চালানোর কড়া নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ওয়াশিংটন এবং ফ্রান্সও এ হামলার তীব্র নিন্দা করেছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে কূটনৈতিক স্বার্থ ও কর্মীদের রক্ষার করার জন্য সিরিয়া কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘে জার্মানির রাষ্ট্রদূত পিটার উইটিং গণমাধ্যমে বিবৃতিটি পড়ে শোনান।
এর আগে যুক্তরাষ্ট্র ওই ঘটনার নিন্দা জানিয়ে বলে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছেন। আসাদ সিরিয়ার জন্য 'অপরিহার্য নন' বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
ওদিকে, জাতিসংঘে সিরিয়ার বিরুদ্ধে প্রস্তাবনা পাশে বাধা দেওয়ার চেষ্টার জন্য রাশিয়া এবং চীনের সমালোচনা করেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলো।
ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ায় গত দুই দিনের ঘটনাবলী নিয়ে আলোচনা করার উদ্যোগ নিচ্ছে। ফ্রাঁসোয়া ফিলো বলেছেন, "প্রেসিডেন্ট আসাদ এবার সীমা ছাড়িয়ে গেছেন।"
অন্যদিকে, এ তীব্র নিন্দা সমালোচনার পাল্টা জবাব দিয়েছে সিরিয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারির মন্তব্যকে উস্কানিমূলক আখ্যা দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন সানা বলেছে, "এটি সিরিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে যুক্তরাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপের আরেকটি দৃষ্টান্ত।"
কয়েকমাস ধরে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে গণআন্দোলন চলছে। কিন্তু এই আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন বাশার। তিনি জনগণের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে।
মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ফোর্ড ও ফরাসি রাষ্ট্রদূত এরিক শেভালিয়ে হামা শহরে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করায় এর প্রতিবাদে আসাদের অনুসারীরা দূতাবাসে প্রতিশোধমূলক ওই হামলা চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/বিসিএস/এলকিউ/২৩৪৩ঘ
bdnews24