২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছেন আসাদ: হিলারি

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছেন এবং দেশটির জন্য তিনি 'অপরিহার্য নন' বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 09:20 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ওয়াশিংটন/আম্মান, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছেন এবং দেশটির জন্য তিনি 'অপরিহার্য নন' বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আসাদের অনুসারীরা সোমবার দামেস্কে যুক্তরাষ্ট্র ও ফরাসি দূতাবাসে হামলা চালানোর পর এ মন্তব্য করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে তিনি এ হামলার নিন্দা জানিয়ে বলেন, সিরিয়ার এই একনায়ক তার শাসনের বিরুদ্ধে বিক্ষোভ সামাল দিতে প্রতিশ্রুত সংস্কার করবে বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে না। ওয়াশিংটনে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টোনকে সাথে নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, "আমাদের দৃষ্টিকোণ থেকে তিনি বৈধতা হারিয়েছেন, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন এবং জনগণকে কিভাবে দমন করতে হয় সে বিষয়ে ইরানের কাছ থেকে সাহায্য নিয়েছেন।" ক্লিনটনের এ মন্তব্য থেকে আসাদের প্রতি যুক্তরাষ্ট্রের অবস্থান অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। কয়েকমাস ধরে সিরিয়ায় প্রেসিডেন্ট বাসার আল আসাদের শাসনের বিরুদ্ধে গণআন্দোলন চলছে। কিন্তু এই আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন বাশার। তিনি জনগণের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫১২ ঘ.