ক্যানবেরা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে কার্বন নির্গমনের ওপর করারোপের পরিকল্পনা করেছে অস্ট্রেলিয়ার সরকার।
সবচেয়ে বেশি কার্বন নির্গমকারী কোম্পানিগুলোর ওপর এ কর আরোপ করা হবে।
প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বলেছেন, স্টিল ও এ্যালুমিনিয়াম উৎপাদনকারী কোম্পানিসহ ৫০০ টি কোম্পানিকে আগামী বছর থেকে প্রতি টন কার্বন ডাই অক্সাইড নির্গমনের জন্য ২৩ অস্ট্রেলীয় ডলার (২৪ দশমিক ৭০ মার্কিন ডলার) কর দিতে হবে। বছরে করের এ হার বাড়বে ২ দশমিক ৫ শতাংশ করে।
সমালোচকরা বলছেন, এ করের কারণে অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিযোগিতা ব্যাহত হবে। তবে সরকার ব্যবসায়িক ক্ষতি পুষিয়ে নিতে কোম্পানিগুলোর জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা রেখেছে বলে জানিয়েছে বিবিসি।
উল্লেখ্য, বিদ্যুৎ উৎপাদনের জন্য সস্তা কয়লার ওপর অতিমাত্রায় নির্ভরশীলতার কারণে অস্ট্রেলিয়া উন্নত বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমণকারী দেশ।
বিদ্যুৎ উৎপাদনের জন্য অস্ট্রেলিয়া কয়লার ওপর ৮০ শতাংশ নির্ভরশীল এবং বিশ্বে অন্যতম প্রধান কয়লা রপ্তানিকারক দেশ।
২০১২ সালের পহেলা জুলাই থেকে করারোপের নতুন নিয়ম চালু করার কথা ভাবছে সরকার।
ন্যূনতম ২৫ হাজার টন কার্বন নির্গমণকারী যে কোনো কোম্পানিকেই এ করের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
তবে কৃষি, বন এবং ভূমি খাতে এ কর প্রযোজ্য হবে না। তাছাড়া, ভারী যানবাহন ছাড়া হালকা যানগুলো এ করের আওতায় পড়বে না।
গিলার্ড বলেন, "এখন এ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আমরা তা বাস্তবায়ন করবো।"
চলতি বছর শেষের আগেই সরকারের এ পরিকল্পনা নিয়ে পার্লামেন্টে ভোট হবে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫৩ঘ.
bdnews24