লন্ডন, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'থ্যাঙ্ক ইউ, অ্যান্ড গুডবাই'- প্রকাশিত শেষ সংখ্যায় লাখো পাঠকের কাছ থেকে এভাবেই বিদায় নিলো ১৬৮ বছরের পুরনো ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অফ দ্য ওয়ার্ল্ড।
রাজ পরিবারের সদস্যসহ গুরুত্বপূর্ণ অনেকের টেলিফোনে আড়িপাতার অভিযোগ মাথায় নিয়ে রোববারই এ পত্রিকাটি বন্ধ হয়ে গেলো।
যুক্তরাজ্যের সবচেয়ে বেশি বিক্রিত রোববারের এ পত্রিকাটির শেষ সংখ্যাটি সাজানো হয়েছে বিভিন্ন কালে প্রকাশিত সংখ্যার প্রচ্ছদ দিয়ে।
আর প্রচ্ছদেই লেখা রয়েছে- " ১৬৮ বছর পর আমরা দুঃখ ভারাক্রান্ত মনে ৭৫ লাখ পাঠকের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে এ বিদায় গর্বেরও।"
অপরাধ আর যৌন বিষয়ক খবর প্রচার করে ব্যাপক বিকোতো রুপার্ট মর্ডাকের এ পত্রিকাটি। হিসাব কষে দেখা যায়, ৬ কোটি মানুষের যুক্তরাজ্যে প্রতি রোববার 'নিউজ অফ দ্য ওয়ার্ল্ড'র প্রচার সংখ্যা ছিলো ৭৪ লাখ।
প্রতি রোববার ব্রিটিশদের দিন শুরুর অন্যতম অনুষঙ্গ ছিলো 'নিউজ অফ দ্য ওয়ার্ল্ড'। ফোন হ্যাকিংয়ের অভিযোগ মাথায় নিয়ে ট্যাবলয়েডটি বন্ধ হয়ে যাওয়া ছুটির দিন পানসে করে দেবে বলে অভিমত অনেক ব্রিটিশের।
'নিউজ অফ দ্য ওয়ার্ল্ড'র ইতিহাসের শুরু বহু আগে, ১৮৪৩ সালের ১ অক্টোবর এর যাত্রা শুরু হয়। প্রকাশক জন ব্রাউন লক্ষ্য ছিলো শুরু থেকেই কাটতি বাড়ানো। যৌনতা আর অপরাধের খবর উপজীব্য করে বের হওয়া তিন পেন্সের এ পত্রিকাটি দ্রুতই সাড়া ফেলে।
১৮৮০ সাল নাগাদ এর প্রচার সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যায়। ৪০ বছরে এটি ছাড়িয়ে যায় ১০ লাখের কোঠা। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ানের দেওয়া তথ্যে দেখা যায়, ১৯৫০ এর দশকে নিউজ অফ দ্য ওয়ার্ল্ড সবচেয়ে বেশি বিক্রি হতো। তখন এর প্রচার সংখ্যা ছিলো ৮০ লাখ।
রমরমা অবস্থাতেই পত্রিকাটি কিনে নেন রুপার্ট মার্ডক, ১৯৬৯ সালে। এরপরও ব্যবসার একই গতি ধরে রেখেছিলো পত্রিকাটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/০৯৪৫ ঘ.
এ সম্পর্কিত আরো খবর
ক্স রোববারটি কি পানসে হয়ে আসছে ব্রিটিশদের?
ক্স ফোন হ্যাকিং: ক্যামেরনের সাবেক মুখপাত্র গ্রেপ্তার
bdnews24