কুয়ালালামপুর, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোরড টকম/রয়টার্স)- মালয়েশিয়ায় নির্বাচন ব্যবস্থার সংস্কার দাবিতে বিক্ষোভে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। এছাড়া এক হাজার চারশ'র বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে বিরোধীদের অন্তত তিনজন জ্যেষ্ঠ নেতা রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
শনিবার রাজধানী কুয়ালালামপুরে ওই বিক্ষোভ হয়। বিক্ষোভে যোগ দেয় কয়েক হাজার মানুষ। নির্বাচনী প্রচারের সময় বাড়ানো, স্বয়ংক্রিয় ভোটার নিবন্ধন এবং সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে সমান প্রচার পাওয়ার দাবিতে এদিন কুয়ালালামপুরের মারদেকা স্টেডিয়ামে সমাবেশ ও বিক্ষোভের ডাক দেয় বিরোধী দলগুলোর জোট বার্শি বা ক্লিন গ্রুপ।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়ালালামপুরের উপকণ্ঠে বিক্ষোভকারীদের ওপর কয়েক দফা কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। সে সময় 'সংস্কার, সংস্কার' বলে শ্লোগান দেয় তারা।
৩২ বছর বয়সী চ্যান মেই ইন নামের এক বিক্ষোভকারী বলেন, "আমরা স্পষ্ট জানিয়েছে যে, আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই।"
"বর্বরের মতো আচরণ করছে পুলিশ। আমি এ সরকারকে ভোট দেবো না।"
বিরোধীদের অভিযোগ নির্বাচনী ব্যবস্থায় জালিয়াতির সুযোগ রয়েছে।
তবে নাজিব রাজাকের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ন্যাশনাল ফ্রন্ট জোট সরকার বলছে, কমিউনিস্ট আদর্শ প্রতিষ্ঠার জন্য লড়ছে বিক্ষোভকারীরা।
বিরোধী প্যান মালয়েশিয়ান ইসলামিক পার্টির ডেপুটি প্রেসিডেন্ট মোহামাদ সাবু টেলিফোনে রয়টার্সকে বলেন, "আমাদের কর্মীরা কুয়ালালামপুরে যেতে পারছে না। পুলিশ কুয়ালালামপুর ঘিরে রেখেছে এবং বাইরের কারো সঙ্গে সেখানে অবস্থানরতদের যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। জাতীয় মসজিদে সমবেতদের ছত্রভঙ্গ করা হয়েছে। তাই আমি ঠিক জানি না বিক্ষোভ অব্যাহত থাকবে কি না।"
পুলিশ প্রধান ইসমাইল ওমর রয়টার্সকে জানান, এক হাজার চারশ' একজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের পর অনেককে ছেড়ে দেওয়া হবে।
নির্বাচনের মাধ্যমে ২০০৯ সালে দেশটির ক্ষমতা গ্রহণ করেন নাজিব। সম্প্রতি মারদেকা সেন্টারের এক জরিপে দেখা গেছে, গত ফেব্রুয়ারি মাসে দেশটিতে নাজিবের সমর্থন ৪৫ শতাংশ থেকে বেড়ে ৬৯ শতাংশে দাঁড়িয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএমটি/১৯৪৭ ঘ.
bdnews24