২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিভিশনে হাজির হলেন সালেহ, ক্ষমতা ভাগের প্রস্তাব

জুনে বোমা হামলায় মারাত্মক আহত হওয়ার পর প্রথমবারের মতো টেলিভিশনের সামনে হাজির হয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 06:33 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

সানা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জুনে বোমা হামলায় মারাত্মক আহত হওয়ার পর প্রথমবারের মতো টেলিভিশনের সামনে হাজির হয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ। গত ৩ জুন সানায় প্রেসিডেন্ট প্রাসাদে বোমা হামলায় আহত হন সালেহ। এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। ওই হামলার পর পরিবারসহ সৌদি আরব পাড়ি জমান সালেহ। সেখানে তার চিকিৎসা চলছে। টেলিভিশনে দেখা যায়, সালেহর দুই হাতেই ব্যান্ডেজ বাঁধা এবং তিনি তার হাত নাড়াতে পারছেন না। বেশ কয়েকমাস ধরে সালেহর পদত্যাগের দাবিতে ইয়েমেনে গণআন্দোলন চলছে। এর পরিপ্রেক্ষিতে দেশটি রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়ে। কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন মহল আহ্বান জানালেও ক্ষমতা থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানান তিনি। এমন কি সমঝোতার ভিত্তিতে ক্ষমতা হস্তান্তরের চুক্তিতে সম্মতি জানাবেন বলে কয়েকবার অঙ্গীকার করেও শেষমুহূর্তে চুক্তিতে সই করা থেকে পিছিয়ে আসেন তিনি। বৃহস্পতিবার ইয়েমেনের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে সালেহ বলেন, ইয়েমেনে সমস্যা সমাধানে আলোচনা প্রয়োজন। ওই ভাষণে সালেহ ক্ষমতা ভাগাভাগির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু তা সংবিধান ও আইন অনুযায়ী হতে হবে বলে জানিয়েছেন। এ সময় সালেহ তার আহতাবস্থা ও চিকিৎসা সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, তার চিকিৎসা চলছে এবং এ পর্যন্ত আটটিরও বেশি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি আরো জানান, ওই হামলায় আহত অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরও সফল অস্ত্রোপচার হয়েছে। তাদের মধ্যে ইয়েমেনি সংসদের স্পিকার, প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রীসহ আরো বেশ কয়েকজন রয়েছেন। সৌদি আরবে চিকিৎসাধীন প্রেসিডেন্ট সালেহ দ্রুতই ইয়েমেনে ফিরে যাবেন বলে সবাই ধারণা করছে। জুনে ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হামলায় সাতজন মারা যান। এতে প্রেসিডেন্ট সালেহসহ ৮৭ জন আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২১২ ঘ.