ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজ মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন ব্রাজিলের পরিবহনমন্ত্রী আলফ্রেডো নাস্কিমেন্তো।
কেন্দ্রীয় অবকাঠামো ঠিকাদারীর বিনিময়ে যোগাযোগ মন্ত্রণালয়ে কর্মরতরা অর্থ কামাচ্ছে বলে একটি ম্যাগাজিনে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করেন।
পদত্যাগ করার পর আলফ্রেডো নাস্কিমেন্তো কোনো ধরনের দুর্নীতিতে জড়িত থাকার কথা অস্বীকার করে এ সম্পর্কিত তদন্তে সহযোগিতা করবেন বলে বিবিসি জানায়।
ব্রাজিলের 'ভিজা' ম্যাগাজিনে পরিবহন মন্ত্রণালয়ের চার কর্মকর্তার ঘুষ নেয়ার প্রতিবেদন প্রকাশের চারদিন পরই পদত্যাগ করেছেন নাস্কিমেন্তো। এ সপ্তাহের শুরুতেই ওই চারজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, নাস্কিমেন্তো নিজেই এ বিষয়টি তদন্ত করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।
এ নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের মন্ত্রিসভার দুই সদস্য পদত্যাগ করলেন।
এরআগে প্রেসিডেন্টের 'চিফ অব স্টাফ' অ্যান্তোনিও প্যালোচ্চি পদত্যাগ করেন। কয়েক বছরের মধ্যে বিপুল সম্পদ অর্জনের বিষয়ে সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর প্যালোচ্চি পদত্যাগ করেন।
তবে তিনিও কোনো ধরনের দুর্নীতিতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ ও ২০১৬ সালের রিও অলিম্পিককে সামনে রেখে ব্রাজিলের পরিবহন মন্ত্রণালয় হাজার হাজার কোটি ডলারের অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ন্ত্রণ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪২৩ ঘ.
bdnews24