ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের উত্তর প্রদেশে একটি বরযাত্রীবাহী বাস ও চলন্ত ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।
ভারতের রাজধানী নয়াদিল্লির ২৫০ কিলোমিটার দক্ষিণে উত্তর প্রদেশের পাতিয়ালিতে বৃহস্পতিবার ভোর রাত ২টা ৩০ মিনিটে একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বাসটি ওই ক্রসিং পার হওয়ার সময় একটি এক্সপ্রেস ট্রেন সজোরে বাসটিকে আঘাত করে।
স্থানীয় এক সাংবাদিক বিবিসিকে জানান, ট্রেনটি যাত্রী বোঝাই বাসটিকে আঘাত করার পর ৫শ' মিটারেরও বেশি ঠেলে নিয়ে যায়।
এ সময় বাসের ছাদে অবস্থান করা লোকজন ছিটকে পড়ে মারাত্মক আহত হয় আর বাসের ভেতরের যাত্রীরা ট্রেনের চাপে পিষ্ট হয়।
দুর্ঘটনায় আহতদের নিকর্টর্বতী হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনাকবলিত বাসটির ভেতরে আটকে পড়া লোকজনদের উদ্ধারের জন্য উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
দুর্ঘটনায় আহত এক ব্যক্তি স্থানীয় এক সাংবাদিককে জানান, তিনি বাসের ছাদে বসে ছিলেন, হঠাৎ দেখতে পান ট্রেনটি তাদের বাসের দিকে ধেয়ে আসছে। তিনি বাসের চালককে সতর্ক করার চেষ্টা করেছিলেন কিন্তু চালক শুনতে পাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১০২৩ ঘ.
bdnews24