বৈরুত, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে সিরিয়াকে আন্তর্জাতিক অপরাধ আদালতে দাঁড় করানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সিরিয়া বিষয়ক এক প্রতিবেদনে তারা এ আহ্বান জানায়।
মে মাসে তেল কেলাখ শহরে সরকারবিরোধী আন্দোলন প্রতিহত করতে গিয়ে সিরিয়ার সেনারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে বলে অ্যামনেস্টি উদ্বেগ প্রকাশ করেছে।
সংস্থাটি জানায়, লেবানন সীমান্তবর্তী ওই শহরে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করার পর হাজতে তাদের মৃত্যু হয়।
ওই অভিযানে বেশ কিছু সংখ্যক মানুষকে প্রেপ্তার এবং নির্যাতন করা হয়েছে। আহতদের ওপরও নির্যাতন চলে।
মে মাসের মাঝামাঝি সময়ে কয়েকদিন ধরে তেল কেলাখ শহরে সামরিক অভিযান চলে। এ অভিযান থেকে বাঁচাতে হাজার হাজার মানুষ লেবাননে পালিয়ে যায়।
লেবাননে অবস্থানরত সাক্ষীর জবানবন্দি এবং টেলিফোনে কয়েকজন সিরীয়র সাক্ষাৎকারের ভিত্তিতে অ্যামনেস্টি তাদের প্রতিবেদনটি তৈরি করেছে।
গত কয়েকমাস ধরেই সিরিয়ার আন্দোলনকারীদের ওপর কঠোর দমনপীড়ন চালিয়ে আসছে নিরাপত্তা বাহিনী।
সেকারণে সিরিয়াকে আন্তর্জাতিক অপরাধ আদালতে দাঁড় করানোর ওই সুপারিশ জানালো অ্যামনেস্টি।
বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৫৭ঘ.
bdnews24