২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপোলির দুইদিক থেকে আক্রমণ শানাচ্ছে বিদ্রোহীরা

লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণ ও পূর্ব দুইদিক থেকে জোর আক্রমণ চালাচ্ছে বিদ্রোহীরা। দক্ষিণে তারা ইতোমধ্যেই একটি গ্রাম দখল করে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 04:18 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

আল কাওয়ালিশ, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণ ও পূর্ব দুইদিক থেকে জোর আক্রমণ চালাচ্ছে বিদ্রোহীরা। দক্ষিণে তারা ইতোমধ্যেই একটি গ্রাম দখল করে নিয়েছে। পূর্ব দিক থেকে ত্রিপোলির দিকে এগিয়েছে বিদ্রোহীদের আরেকটি দল। নেতা মুয়াম্মার গাদ্দাফির ঘাঁটি দখলের অভিযানে কয়েক সপ্তাহের মধ্যে বিদ্রোহীদের এটিই সবচেয়ে বড় অগ্রযাত্রা। ত্রিপোলির ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আল-কাওয়ালিশ গ্রাম দখল করে নিতে পারায় বিদ্রোহীরা আনন্দে উল্লাসিত। সরকারি বাহিনীর সঙ্গে ছয় ঘণ্টার লড়াইয়ের পর তারা গ্রামটি দখল করেছে। ত্রিপোলির দক্ষিণ-পূর্বে বুধবার ভোর থেকেই রকেট ও মর্টার হামলা শুরু করে বিদ্রোহীরা। পাল্টা জবাবে গ্রাড ক্ষেপণাস্ত্র ছুড়ে সরকারি বাহিনী। বিদ্রোহীদের লক্ষ্য ছিলো আল-কালা শহর থেকে আল কাওয়ালিশ শহরের দিকে ১০ কিলোমিটার অগ্রসর হওয়া। আল কাওয়ালিশের দখল নেওয়াটা বিদ্রোহীদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, আল কাওয়ালিশের আরো পূর্বে আছে বড় শহর গারিয়ান। উত্তরদিকে ত্রিপোলিতে যাওয়ার মহাসড়কটির অবস্থান এ শহরেই। কয়েক ঘণ্টার লড়াইয়ে বিদ্রোহীরা আল-কাওয়ালিশের দিকে বেশ কয়েক কিলোমিটার এগিয়ে যায়। ওদিকে, মিসরাতার কাছে বিদ্রোহী কমান্ডাররা জানান, রাতভর লড়াইয়ে তারা ২০ কিলোমিটার পশ্চিমে এগিয়েছেন। এতে করে ত্রিপোলির ১৩০ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছেন তারা। বিদ্রোহীদের এক কমান্ডার জানান, তারা মিসরাতা থেকে পশ্চিমের দিকে এগিয়ে চলেছেন। তবে সরকারি বাহিনী তাদের অবস্থানের ওপর গোলা বর্ষণ করছে। এর আগে গত মাসে বিদ্রোহীরা বীর আল গানাম শহরের উপকন্ঠে ৩০ কিলোমিটার উত্তরে অগ্রসর হলেও পরে সরকারি বাহিনীর হামলার মুখে পিছু হঠতে বাধ্য হয়। কিন্তু দাফনিয়ার বিদ্রোহী কমান্ডার বুধবার রয়টার্সকে জানান, তারা এক রাতেই অনেকখানি অগ্রসর হয়েছেন। তবে তাদের এ দাবি নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। ওদিকে, দাফনিয়াহর একটি হাসপাতাল থেকে প্রায় প্রতি সেকেন্ডেই মর্টাার, গোলা গ্রাড রকেটের আওয়াজ শোনা যাচ্ছে। ওই হাসপাতালে রয়টার্সের এ প্রতিবেদক আহত দুই সেনাকে দেখতে পেয়েছে। তাদেরকে সীমান্ত থেকে আনা হয়েছে। এয়াড়া, বিদ্রোহীদের এক যোদ্ধা জানিয়েছে, বুধবার গোলার আঘাতে তার এক সহযোদ্ধা মারা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১২০ঘ.