২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেলমান্দে যুক্তরাজ্যের ড্রোন হামলায় ৪ সাধারণ আফগান নিহত

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে যুক্তরাজ্যের চালকবিহীন রিপার এয়ারক্র্যাফট থেকে চালানো হামলায় বেসামরিক চার আফগান নাগরিক নিহত হয়েছে। এতে আহত হয়েছে দু'জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 10:55 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে যুক্তরাজ্যের চালকবিহীন রিপার এয়ারক্র্যাফট থেকে চালানো হামলায় বেসামরিক চার আফগান নাগরিক নিহত হয়েছে। এতে আহত হয়েছে দু'জন। জঙ্গি নেতাদের লক্ষ করে চালানো হামলায় বেসামরিক আফগান হতাহতের ঘটনা ঘটে বলে যুক্তরাজ্যের গার্ডিয়ান সংবাদপত্রের এক প্রতিবেদনে বলা হয়েছে। গার্ডিয়ানের ওই প্রতিবেদনে বলা হয়, দূর নিয়ন্ত্রিত আরএএফ 'ড্রোন' হেলমান্দ প্রদেশে জঙ্গি নেতাদের ওপর হামলা চালাতে গিয়ে ভুল করে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায়। এতে চার বেসামরিক আফগান নিহত ও আরো দুইজন আহত হয়। উত্তর হেলমান্দের নওজাদ জেলায় এক তালেবান নেতাকে শনাক্ত করার পর ড্রোন হামলা চালানো হলে হতাহতের এ ঘটনা ঘটে। হামলায় দুটি ট্রাক বিধ্বস্ত হলে এতে অবস্থান করা তালেবান কমান্ডার ও তার এক সহযোগী নিহত হয়। তবে ট্রাকে বেসামরিক লোকজন থাকার কথা পরবর্তী সময়ে জানা যায়। হোয়াইট হলের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে গার্ডিয়ান জানায়, "দুর্ভাগ্যবশতঃ বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে। তবে ওই গাড়িতে বেসামরিক লোকজন থাকার বিষয়টি জানা থাকলে আমরা কখনোই এ হামলা চালাতাম না।" চলতি বছরের ২৫ মে এ হামলা চালানো হয়। এ ঘটনায় আফগানিস্তানে নিয়োজিত আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগী বাহিনী (ইসাফ) তদন্ত শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৬২৩ ঘ.