২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ইরাকে মার্কিন সেনাদের রাখতে হলে অনুরোধ এখনই'

যুক্তরাষ্ট্রের সেনাদের ইরাকে অবস্থানের মেয়াদ বাড়াতে ওয়াশিংটনকে অনুরোধ জানানোর জন্য ইরাকের হাতে খুব বেশি সময় নেই বলে হোয়াইট হাউস জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 08:56 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ওয়াশিংটন, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সেনাদের ইরাকে অবস্থানের মেয়াদ বাড়াতে ওয়াশিংটনকে অনুরোধ জানানোর জন্য ইরাকের হাতে খুব বেশি সময় নেই বলে হোয়াইট হাউস জানিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি মঙ্গলবার সাংবাদিকদের জানান, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ইরাক ছাড়ার প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনারা। তবে দ্বিপাক্ষিক এক নিরাপত্তা চুক্তির আলোকে ইরাক সরকার দেশটিতে মার্কিন সেনাদের আরো কিছুদিন রাখার জন্য ওয়াশিংটনকে অনুরোধ জানাতে পারবে। কার্নি বলেন, "আমরা অপেক্ষা করছি, ইরাক সরকার এ ধরনের কোনো অনুরোধ করে কি না। জুলাই মাস চলছে, এখনও পর্যন্ত কোনো অনুরোধ আসে নি।" তিনি আরো বলেন, "তারা যদি এর মধ্যে অনুরোধ জানায়, আমরা বিবেচনা করে দেখব। আর এর মধ্যে অনুরোধ না জানালে আমরা পরিকল্পনা মাফিক সেনাদের ফিরিয়ে আনব।" এপ্রিলে মার্কিন সেনা বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মাইক মুলেন বলেছিলেন, এ ধরনের কোনো অনুরোধ জানানোর জন্য ইরাকের হাতে মাত্র কয়েক সপ্তাহ সময় আছে। এরপর ৪৭ হাজার সেনা ও আনুষঙ্গিক যন্ত্রপাতি সরানোর কাজ শুরু হলে এ ধরনের কোন অনুরোধের বাস্তবতা থাকবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩০ ঘ.