২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত ১৪

সিরিয়ার হামায় নিরাপত্তাবাহিনীর গুলিতে মঙ্গলবার সরকারবিরোধী ১৪ জন আন্দোলনকারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির মানবাধিকার কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 06:25 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

আম্মান, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার হামায় নিরাপত্তাবাহিনীর গুলিতে মঙ্গলবার সরকারবিরোধী ১৪ জন আন্দোলনকারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির মানবাধিকার কর্মীরা। দেশটির মধ্যাঞ্চলীয় শহর হামায় মঙ্গলবারও দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ চলছিল। শহরের বাসিন্দারা টায়ার জ্বালিয়ে ও সড়ক অবরোধ তৈরি করে শহরে সেনা ট্যাংক প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করে। সরকারী ট্যাংক বহর শহরটিকে ঘিরে রেখেছে । এর আগে শহরটি থেকে ২০ জনকে সোমবার গ্রেপ্তার করে নিরাপত্তাবাহিনী। শহরের মাঝ বরাবর বয়ে যাওয়া ওরোনন্টেস নদীর উত্তর পাশের দুটি এলাকায় মঙ্গলবারের সংঘর্ষের ঘটনাটি ঘটে বলে স্থানীয় অধিবাসীরা জানান। নিহতদের মধ্যে বাহা ও খালেদ আল নাহার নামের দুই সহোদরও রয়েছে। এ ঘটনায় আরো ৩৫জন আহত হয়েছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মী রামি আব্দুল রহমান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো সিরিয়ায় নিষিদ্ধ থাকার কারণে প্রাপ্ত তথ্যগুলো নিরপেক্ষ কোন সূত্রের মাধ্যমে যাচাই করা সম্ভব হয় নি। আন্দোলনকারীরা জানিয়েছে, মার্চের মাঝামাঝি থেকে ক্ষমতাসীন বাশার আল আসাদের বিরুদ্ধে গণআন্দোলনে সহিংসতায় এ পর্যন্ত এক হাজার ৩ শ' ৫০ জনেরও বেশি বেসামরিক নাগরিক ও ৩৫০ জন নিরাপত্তাবাহিনীর সদস্য নিহত হন। দমন-পীড়ন চলতে থাকায় আন্দোলনকারীরা সরকারের সাথে কোন ধরনের আলোচনায় যেতে অস্বীকৃতি জানিয়েছে। এদিকে, সিরিয়ায় সরকারী বাহিনীর সহিংসতার নিন্দা জানিয়েছে ফ্রান্স। তারা সিরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২২১ ঘ.