ওয়াশিংটন, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সাবেক প্রধান ডমিনিক ট্রস-কানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলে নেবে যুক্তরাষ্ট্রের কৌসুলিরা।
অভিযোগকারীর বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ দেখা দেওয়ায় আগামী দুই সপ্তাহের মধ্যে স্ট্রস-কানের আদালতে হাজিরা দেওয়ার সময় বা তার আগেই অভিযোগ তুলে নেওয়া হবে।
'দ্য নিউ ইয়র্ক পোস্ট' পত্রিকা মঙ্গলবার এ খবর দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ তদন্তকারীর উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, মামলাটি 'নিশ্চিতভাবেই' তুলে নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, "আমরা সবাই জানি এ মামলা টিকছে না।"
সূত্রটি সংবাদপত্রকে জানায়, "তার (হোটেল কর্মী) বিশ্বাসযোগ্যতা এখন ভিত্তিহীন পর্যায়ে পৌঁছেছে। আমরা জানি তার পক্ষ নিয়ে মামলা চালানো সম্ভব নয়।"
ম্যানহাটানের বিলাসবহুল এক হোটেলের কর্মী ট্রস-কানের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ তোলে।
এ অভিযোগের ভিত্তিতে ৬২ বছর বয়স্ক ট্রস-কানকে ১৪ মে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। এরপর আইএমএফ প্রধানের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৫২ঘ.
bdnews24