ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগান সীমান্তে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করলে ইসলামাবাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে আফগানিস্তানের আইন প্রণেতারা।
সোমবার আফগান সংসদে উন্মুক্ত আলোচনা পর্বে আইন প্রণেতারা এ হুমকি দেন বলে ইরনা সংবাদ সংস্থা জানিয়েছে।
গত ৪ সপ্তাহ ধরে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলাকে তারা 'আগ্রাসন' বলে মন্তব্য করেছেন। একইসঙ্গে এ ধরনের হামলা অব্যাহত থাকলে দেশ দুটির দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে 'স্থায়ী' সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগও অনুমোদন করেছে তারা।
আফগান সাংসদেরা পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ওপরও জোর দেন। এছাড়া কূটনৈতিক উপায়ে এ হামলা বন্ধে জাতিসংঘ ও ইসলামিক কো-অপারেশন অর্গানাইজেশনের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির আইন প্রণেতারা।
আফগানিস্তানের তথ্য অনুযায়ী, দেশটির পূর্বাঞ্চলীয় কুনার, নানগারহার ও খোস্ট প্রদেশে পাকিস্তানের সেনাবাহিনী ৭শ'রও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৫০০ ঘ.
bdnews24