ওয়াশিংটন, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট বারাক ওবামা আততায়ীর গুলিতে নিহত হয়েছেন- ফক্সনিউজের টুইটার অ্যাকাউন্ট থেকে এ খবর পেয়ে সোমবার রীতিমতো স্তম্ভিত হয়ে যান স্বাধীনতা দিবস উদযাপনরত মার্কিনিরা।
তবে ফক্সনিউজ ডটকমের পক্ষ থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট ওবামা সুস্থ্য আছেন। পরিবারের সঙ্গে হোয়াইট হাউজে স্বাধীনতা দিবসের ছুটি কাটাচ্ছেন তিনি। আর টুইটারে যে খবরটি বিভ্রান্তি ছড়িয়েছে, তা পুরোপুরি হ্যাকারদের কীর্তি।
ফক্সনিউজ ডটকমের পলিটিক্যাল নিউজ ফিডের টুইটার অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের (৪ জুলাই) প্রথম প্রহরে প্রথম টুইটটি করে হ্যাকাররা।
এতে বলা হয়, "এইমাত্র মারা গেছেন বারাক ওবামা। প্রেসিডেন্ট মারা গেছেন। সত্যিই, ৪ জুলাই শোকের দিন। প্রেসিডেন্ট বারাক ওবামা নিহত।"
পরের টুইটে বলা হয়, "কিছুক্ষণ আগে মারা গেছেন বারাক ওবামা। প্রায় ৪৫ মিনিট আগে তলপেট ও ঘাড়ে গুলিবিদ্ধ হন তিনি। হামলাকারীর পরিচয় জানা যায়নি।"
এভাবে একে একে ছয়টি টুইটে হ্যাকাররা জানায়, ঘটনাটি ঘটেছে লো'র একটি রেস্তোরাঁয়। ওবামা সেখানে গিয়েছিলেন নির্বাচনী প্রচার চালানোর জন্য।
পরে 'দ্য স্ক্রিপ্টকিডিজ' নামের একটি গ্র"প এসব টুইট পাঠানোর বিষয়টি স্বীকার করে।
অবশ্য টুইটার কর্তৃপক্ষ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেনি। হোয়াইট হাউজের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/০১০৫ ঘ.
bdnews24