টোকিও, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রশান্ত মহাসাগরের তলদেশে উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক পণ্য উৎপাদনে অত্যন্ত প্রয়োজনীয় বিরল খনিজ মৃত্তিকার ভান্ডার খুঁজে পেয়েছে জাপান। সোমবার জাপানি বিজ্ঞানীরা একথা জানিয়েছেন ।
মহাসাগরতলে কাদার মধ্যে এই বিরল খনিজ মৃত্তিকা বা 'রেয়ার আর্থ' মিনারেলের সন্ধান পাওয়া গেছে। এটি ব্যবহারযোগ্য বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা।
বর্তমান প্রযুক্তির যুগে বিরল মৃত্তিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ। খনিজটিতে এ পর্যন্ত একচেটিয়া প্রধান্য রয়েছে চীনের।
চীনে বিশ্বের প্রায় ৯৭ শতাংশ রেয়ার আর্থ মিনারেল পাওয়া যায়। অন্য অনেক দেশে এ বিরল মৃত্তিকা পাওয়া গেলেও সেগুলো ব্যবহারযোগ্য নয়।
ফলে চীন থেকে আমদানি করে কাজ চালাতো জাপানসহ উচ্চ প্রযুক্তির পণ্য উৎপাদনে নিয়োজিত দেশগুলো।
২০১১ সালে চীন বিরল মৃত্তিকা রপ্তানি কমানোর ঘোষণা দেয়। ফলে আন্তর্জাতিক বাজারে খনিজটির দাম বেড়ে যায়।
চীনের এ সিদ্ধান্তে সমস্যায় পড়ে জাপান। বিশ্ববাজারে প্রাপ্ত বিরল মৃত্তিকার এক তৃতীয়াংশের আমদানিকারক জাপান।
বিষয়টি নিয়ে চীনের সাথে জাপান ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক উত্তেজনা বৃদ্ধি পায়।
উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স পণ্য, চুম্বক ও ব্যাটারি, ফ্লাট-স্কিন টেলিভিশন, এলইডি ভাল্ব এবং হাইব্রিড গাড়ি তৈরিতে খনিজটি অপরিহার্য।
জাপান বাধ্য হয় অন্য উৎস থেকে বিরল মৃত্তিকা সংগ্রহে মনোযোগ দিতে। আর এতেই সফল হলো তারা।
টোকিও বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসুহিরো কাতো জানান, "সঞ্চিত আকরিকে বিরল মৃত্তিকার পরিমাণ অসাধারণ। মাত্র এক বর্গকিলোমিটার আকরিকে যে পরিমাণ খনিজ আছে তাতে বিশ্বের মোট বার্ষিক চাহিদার এক পঞ্চমাংশ যোগান দেওয়া সম্ভব"।
জাপানের সমুদ্রতল বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থার কয়েকজন গবেষকের একটি দল অধ্যাপক কাতোর নেতৃত্বে প্রশান্ত মহাসাগরের তলদেশে বিরল মৃত্তিকা খনির সন্ধান পায়।
কাতোর দলটি মহাসাগরের তলদেশে ৭৮টি জায়গায় কাদার ৩ হাজার ৫শ থেকে ৬ হাজার মিটার নীচে খনিজগুলো খুঁজে পায়।
কাতো জানান, হাওয়াই দ্বীপপুঞ্জ ও তাহিতি দ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমায় বিরল মৃত্তিকার এ ভান্ডার পাওয়া গেছে।
এ খনিতে ৮ হাজার কোটি থেকে ১০ হাজার কোটি মেট্রিক টন বিরল মৃত্তিকা মজুদ আছে বলে হিসাব করেছেন কাতো।
যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ সংস্থার তথ্য মতে, বিশ্বে বিরল মৃত্তিকার বর্তমান মজুদ মাত্র ১১ কোটি ১০ লক্ষ টন। এর প্রায় পুরোটাই আছে চীন, রাশিয়া এবং সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোসহ যুক্তরাষ্ট্রে।
বৃটিশ পত্রিকা নেচার জিওসায়েন্সের সোমবারের অনলাইন সংখ্যায় এ আবিষ্কারের বিস্তারিত প্রকাশ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলীকউ/১৫১৩ ঘ.
bdnews24