ঢাকা, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিউবায় চিকিৎসারত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের সেরে ওঠাকে আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন ফিদেল কাস্ত্রো।
ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, রোববার প্রকাশিত প্রবন্ধে একথা জানান কিউবার সাবেক নেতা ফিদেল ক্যাস্ত্রো।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ কিউবার রাজধানী হাভানায় ক্যান্সার সংক্রমিত টিউমার অস্ত্রোপচার করান। এরপর থেকে তার সুস্থতা সর্ম্পকে নানা ধরনের গুজব ছড়ায়।
কাস্ত্রো তার লেখায়, কিউবার সঙ্গে শ্যাভেজের নিবিড়, অক্ষয় সম্পর্ক ও বন্ধুত্বের কথা জানিয়ে দেশের জনগণকে 'তাকে সমর্থন ও আশ্বাস' দেওয়ার কথা বলেছেন।
তিনি আরো জানান, ১৯৯৯ সালে ক্ষমতায় আসার পর থেকে প্রায় নিরবচ্ছিন্নভাবেই কাজ করেছেন শ্যাভেজ। তবে এবার শারীরিক অসুস্থতায় ভুগছেন এবং হাভানায় তিনি সুস্থ হয়ে উঠছেন।
কাস্ত্রো লিখেছেন, "কোনো ধরনের দ্বিধা ছাড়াই আমি আশ্বাস দিচ্ছি, তিনি যেভাবে সুস্থ হয়ে উঠছেন তা আশাব্যঞ্জক এবং তিনি যে লড়াই করছেন তা তাকে এবং ভেনেজুয়েলাকে বিজয়ী করবে।"
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গত ৮ জুন কিউবা সফরে আসেন শ্যাভেজ। ১১ জুন সেখানে তার অস্ত্রোপচার হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫০০ ঘ.
bdnews24