কারাকাস, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিউবায় ক্যান্সার চিকিৎসাধীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের অনুপস্থিতিকে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য ঝঁকিপূর্ণ বলে মন্তব্য করেছে বিরোধীদল।
একইসঙ্গে ভেনেজুয়েলায় ক্ষমতা হস্তান্তরের জোর দাবিও তুলেছে তারা।
ভেনেজুয়েলার বিরোধীদল 'ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট' পার্টির (সিওপিইআই)- জাতীয় প্রেসিডেন্ট রবার্তো এনরিকুয়েজ সাংবাদিকদের বলেছেন, "এ ব্যাপারটি পরিস্কার যে, শ্যাভেজ নেতৃত্বের হাল পুরোপুরি ধরে রাখতে সক্ষম নন... এটি খুবই বিপজ্জনক, অশুভ নজির।"
রাষ্ট্রীয় বার্তা সংস্থা এভিএন শনিবার ৫৬ বছর বয়সী প্রেসিডেন্টের চারটি নতুন ছবি প্রকাশ করেছে। হাভানায় শুক্রবার সকালে ১০ মিনিট হাঁটার জন্য বের হন তিনি। ওই সময় ছবিগুলো তোলা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।
নীল রঙের টি-শার্ট ও ট্রাকস্যুট ট্রাউজার পরিহিত শ্যাভেজকে বিবর্ণ দেখাচ্ছিল।
এনরিকুয়েজ বলছেন, চিকিৎসার জন্য কিউবায় থাকায় দেশে শ্যাভেজের অনুপস্থিতি নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।
তিনি আরো বলেন, "জাতীয় সীমানার বাইরে গিয়ে রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০৯ঘ.
bdnews24