ঢাকা, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গাজামুখী ত্রাণবাহী জাহাজের ক্যাপ্টেনকে গ্রেপ্তার করেছে গ্রিস।
বিবিসি'র এক প্রতিবেদনে জানানো হয়, জাহাজের ক্যাপ্টেন জন ক্লুসমাইর যুক্তরাষ্ট্রের নাগরিক। তাকে এথেন্স এর কাছে পিরাইউস বন্দরে পুলিশ সদরদপ্তরের হেফাজতে রাখা হয়েছে।
অনুমতি ছাড়া বন্দর ত্যাগ এবং যাত্রীদের জীবন বিপন্ন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
'অডেসিটি অফ হোপ' নামের জাহাজটি গাজায় ইসরায়েলি অবরোধকে চ্যালেঞ্জ করে সেখানে মানবিক সাহায্য পৌঁছে দিতে যাচ্ছিলো।
জাহাজটিকে শুক্রবার রাতে প্রেমা বন্দর থেকে গ্রিস উপকূল রক্ষী বাহিনী যাত্রা করতে বাধা দেয়। জাহাজটি একটি নৌ ঘাঁটিতে নোঙর করে আছে। এতে ৩৬ জন যাত্রী, চারজন ক্রু ও ১০ গণমাধ্যম কর্মী রয়েছে।
জাহাজের মুখপাত্র জেন হিরস্কম্যান ক্যাপ্টেনের বন্দি অবস্থা 'ভয়ঙ্কর' বলে জানান।
তিনি বলেন, "সেখানে কোনো বিছানা নেই। তিনি একটি বেঞ্চের ওপর বসে আছেন।"
২০০৭ সালে হামাস গাজা নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে ওই অঞ্চল অবরোধ করে রেখেছে ইসরায়েল ও মিসর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫২৪ ঘ.
bdnews24