ঢাকা, ০৩ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ইতামার ফ্রাঙ্কো সাও পাওলোতে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে লিউকেমিয়ায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
ফ্রাঙ্কো ১৯৯২ সালের অক্টোবরে ভাইস-প্রেসিডেন্টের পদ থেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান। তৎকালীন প্রেসিডেন্ট ফার্নান্দো কলোর দ্য মেলো ইমপিচমেন্টের মুখোমুখি হওয়ার কারণে ফ্রাঙ্কোকে প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়।
১৯৯৫ সালের জানুয়ারি পর্যন্ত তিনি প্রেসিডেন্ট পদে বহাল থাকেন বলে বিবিসি জানায়।
১৯৯০ সালে মেলোর রানিংমেট হিসেবে ফ্রাঙ্কো ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।
ফ্রাঙ্কোকে ব্রাজিলের ইতিহাসে অন্যতম সফল প্রেসিডেন্ট বলে মনে করা হয়। ব্যাপক গ্রহণযোগ্যতা নিয়েই তিনি প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ শেষ করে ক্ষমতা থেকে সরে দাঁড়ান।
রোববার ফ্রাঙ্কোর মরদেহ মিনাস গেরেইস-এর জুইজ দ্য ফোরায় নিয়ে যাওয়া হবে। সেখানেই রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাধিস্ত করা হবে।
ফ্রাঙ্কোর মৃত্যুতে ব্রাজিলে সাতদিনের শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট দিলমা রৌসেফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০২৯ ঘ.
bdnews24