ত্রিপোলি, মাদ্রিদ জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় ন্যাটোর বিমান হামলা বন্ধ না হলে ইউরোপে হামলা চালানোর হুমকি দিয়েছেন দেশটির চার দশকের শাসক মুয়াম্মার গাদ্দাফি।
শুক্রবার রাজধানী ত্রিপোলির গ্রিন স্কয়ারে সমবেত সমর্থকদের উদ্দেশে এক টেলিফোন বার্তায় এ হুমকি দেন গাদ্দাফি। এদিন গাদ্দাফির আহ্বানে ওই চত্বরে জড়ো হয় প্রায় এক লাখ মানুষ।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে গাদ্দাফি, তার ছেলে সাইফ আল- ইসলাম ও লিবিয়ার গোয়েন্দা প্রধান আব্দুল্লাহ আল-সানুসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কয়েক দিনের মধ্যেই এ হুমকি দিলেন গাদ্দাফি।
পশ্চিমাদের উদ্দেশে গাদ্দাফি বলেন, "ফিরে যাও, এ সাহসী জনগণকে হারানোর কোনো সম্ভাবনা নেই তোমাদের।
তারা তোমাদের বাড়ি, অফিস- আদালত ও পরিবারের ওপর হামলা চালাতে পারে। সেগুলো সামরিক লক্ষ্য হিসেবে বিবেচিত হবে যেভাবে তোমরা আমাদের বসতবাড়ি, কার্যালয়, সদরদপ্তর ও শিশুদের বৈধ সামরিক লক্ষ্য বানিয়েছো।"
"আমরা চাইলে পঙ্গপাল বা মৌমাছির ঝাঁকের মতো ইউরোপের ওপর ঝাপিয়ে পড়তে পারি। তাই বিপর্যয়ের মুখে পড়ার আগে ফিরে যাও"- বলেন লিবীয় নেতা।
তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন শনিবার গাদ্দাফির ওই হুমকি নাকচ করে তাকে পদত্যাগের আহ্বান জানান।
ন্যাটোর সদস্য দেশ স্পেন সফরকালে মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে হিলারি বলেন, "হুমকি না দিয়ে গাদ্দাফির উচিত নিজের জনগণের মঙ্গলের স্বার্থে ক্ষমতা থেকে সরে দাঁড়িয়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালুর প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া।"
গাদ্দাফির হুমকিতে ন্যাটোর অবস্থানের কোনো পরিবর্তন হবে না বলেও মন্তব্য করেন তিনি।
হিলারির সঙ্গে সহমত প্রকাশ করে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী ত্রিনিদাদ জিমেনেজ বলেন, "গত কয়েক মাসে আমরা যা করেছি সে ব্যাপারে ঐক্য ও লক্ষ্যে অবিচল থাকতে স্পেন ও আন্তর্জাতিক জোট সিদ্ধান্তে অটুট রয়েছে।"
লিবিয়ায় উড্ডয়ন- নিষিদ্ধ এলাকা প্রতিষ্ঠা ও গাদ্দাফির অনুগত বাহিনীর হাত থেকে বেসামরিক নাগরিক রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নে ১৯ মার্চ থেকে সেখানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে পশ্চিমা যৌথবাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২০২৮ ঘ.
bdnews24