২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় এক প্রাদেশিক গভর্নরকে বরখাস্ত করলেন বাশার

সিরিয়ার হামা প্রদেশের গভর্নরকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সরকার পতনের দাবিতে শুক্রবার প্রাদেশিক রাজধানীতে লাখো মানুষের বিক্ষোভের পরদিন এ ব্যবস্থা নেওয়া হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

বৈরুত, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার হামা প্রদেশের গভর্নরকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সরকার পতনের দাবিতে শুক্রবার প্রাদেশিক রাজধানীতে লাখো মানুষের বিক্ষোভের পরদিন এ ব্যবস্থা নেওয়া হলো। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে শনিবার বলা হয়েছে, হামার প্রাদেশিক গভর্নর আহমদ খালেদ আব্দুল আজিজকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে একটি অধ্যাদেশ জারি করেছেন প্রেসিডেন্ট। এর আগে দেরার প্রাদেশিক গভর্নরকে বরখাস্ত করেন বাশার। ১৮ মার্চ দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে প্রথম বিক্ষোভ শুরু হওয়ার কয়েক দিনের মধ্যেই ওই পদক্ষেপ নেন তিনি। এই হামা শহরেই বাশার আল-আসাদের বাবা হাফেজ আল- আসাদের শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ দেখা দেয়। ১৯৮২ সালে সেখানে বিক্ষোভ দমনে সেনা অভিযানের নির্দেশ দেন হাফেজ। ওই সেনা অভিযানে অন্তত ১০ হাজার মানুষ নিহত হয়। মানবাধিকারকর্মীরা জানান, সিরিয়াজুড়ে শুক্রবার কয়েক লাখ মানুষ সরকারবিরোধী বিক্ষোভ করে। সেদিন বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২৪ জন নিহত হয়। দেশটিতে বিক্ষোভ-সহিংসতায় এ পর্যন্ত এক হাজার তিনশ' ৫০ জন বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর তিনশ' ৫০ জন সদস্য নিহত হয়েছে বলে জানান তারা। আরব বিশ্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রাণিত হয়ে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৮২৯ ঘ.