কাবুল, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে আফগানিস্তানে শিশুসহ ১৩জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়সূত্রে এ খবর জানা গেছে। নিহতদের মধ্যে চারজন নারী ও দুটি শিশু রয়েছে।
দক্ষিণ আফগানিস্তানের জাবুল প্রদেশের শামালযাই জেলায় শনিবার সকালে এ ঘটনা ঘটে। বেসামরিক একটি ভ্যানের নিচে বোমাটি বিস্ফোরিত হয় বলে জানা যায়।
এ ঘটনার দুদিন আগে দক্ষিণপশ্চিম নিমরোজ প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা অপর একটি বোমা বিস্ফোরণে ১৩ জন নিহত ও ৩৩ জন আহত হয়।
আফগানিস্তানের 'শান্তি ও স্থিতিশীলতার শত্রুরা' এই হামলা চালিয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে জানানো হয়।
বিস্ফোরিত বোমাটি ঘরে বানানো বলে জানায় রয়টার্স।
বিবিসি প্রকাশিত সংবাদে নিহতদের সংখ্যা ১১জন এবং তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৬৩০ ঘ.
bdnews24