আম্মান, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর হামলায় শুক্রবার ২৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। দেশটির একজন খ্যাতিমান মানবাধিকার আইনজীবী একথা জানিয়েছেন।
শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী লক্ষ লক্ষ মানুষ সরকার বিরোধী বিক্ষোভে অংশ নয়। সিরিয়ার পশ্চিমে লেবাননের সীমান্ত থেকে পূর্বে ইরাক সীমান্তের মরুভূমি এলাকা পর্যন্ত সব শহরেই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আইনজীবী রাজান জয়তুনা টেলিফোনে রয়টার্সকে জানান, নিহত ২৪ জনের মধ্যে মধ্যাঞ্চলীয় হমস শহরে ৭জন বিক্ষোভকারী নিহত হয়েছেন এবং উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে তুরস্কে পালানোর সময় ১৪ জন গ্রামবাসী নিহত হন।
অন্য তিনজন কোথায় নিহত হয়েছেন সে বিষয়ে তিনি কিছু জানাননি।
সিরিয়ার রাষ্ট্রিয় টেলিভিশন জানিয়েছে, হমস ও অন্যান্য কয়েকটি শহরে নিরাপত্তাবাহিনীর ওপর বন্দুকধারীরা হামলা চালিয়েছে এবং নিরাপত্তাবাহিনীর দুজন সদস্য আহত হয়েছেন।
গত মার্চে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় বেশিরভাগ আন্তর্জাতিক গণমাধ্যমের কার্যক্রম বন্ধ করে দেয় দেশটির সরকার। ফলে দেশটির সরকার ও সরকার বিরোধীদের পাঠানো সংবাদগুলো কোনো নিরপেক্ষ সূত্রের মাধ্যমে যাচাই করা সম্ভব হচ্ছে না।
এদিকে, সিরিয়ার প্রধান বিরোধী নেতারা চলমান রাজনৈতিক সংকটের একটি অন্তবর্তী সমাধান খুঁজে বের করতে আগামী ১৬ জুলাই রাজধানী দামেস্কে একটি সম্মেলন আয়োজনের পরিকল্পনা করেছেন।
রয়টার্সকে পাঠানো এক বিবৃতিতে তারা জানিয়েছেন, চলমান গণঅভ্যূত্থান ও সরকারি দমনপীড়নের অরাজক পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতে একটি মধ্যবর্তী সরকার গঠনের লক্ষ্যে ওই সম্মেলনের আয়োজন করবেন, যার লক্ষ্য হবে একটি অবাধ নির্বাচন অনুষ্ঠান ও একটি নতুন সংবিধানের সূচনা করা।
সিরায়ার সরকার বিরোধী ৫০ জন নেতা বিবৃতিটিতে স্বাক্ষর করেন।
মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, রাজনৈতিক মুক্তির লক্ষ্যে মার্চ থেকে শুরু হওয়া গণঅভ্যুত্থান শুরুর পর থেকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত নিরাপত্তা বাহিনী ও বন্দুকধারীরা ১ হাজার ৩০০- এর বেশি বেসামরিক লোক হত্যা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএমটি/১১৫০ ঘ.
bdnews24