২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেস্তে যেতে বসেছে স্ট্রস-কান মামলা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সাবেক প্রধান ডমিনিক স্ট্রস-কানের বিরুদ্ধে যৌন নিপীড়ন মামলা অভিযোগকারীর বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহের কারণে ভেস্তে যেতে বসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 01:02 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

নিউ ইয়র্ক/প্যারিস, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সাবেক প্রধান ডমিনিক স্ট্রস-কানের বিরুদ্ধে যৌন নিপীড়ন মামলা অভিযোগকারীর বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহের কারণে ভেস্তে যেতে বসেছে। নিউ ইয়র্কে এক হোটেল কর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ১৪ মে গ্রেপ্তার হন স্ট্রস-কান। এ ঘটনার পর আইএমএফ প্রধানের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। মুখ থুবড়ে পড়ে ফ্রান্সের আগামী নির্বাচনে তার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা। কিন্তু মামলায় নাটকীয় মোড় পরিবর্তনের কারণে আবার তার রাজনৈতিক অঙ্গনে ফিরে আসার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে। স্ট্রস-কানের মামলা সংশ্লিষ্ট এক সূত্র বৃহস্পতিবার রাতে যৌন নিপীড়নের শিকার হওয়া ওই হোটেল কর্মীর বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। আইন প্রয়োগকারী কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বলেছেন, ১৪ মে'র ওই ঘটনার সময় থেকেই অভিযোগকারী মিথ্যা বলে আসছেন। গিনিতে ধর্ষিত হওয়ার ঘটনাসহ যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়ার আবেদন সম্পর্কেও অভিযোগকারী মিথ্যা বলেছেন বলেই মনে করছেন কৌসুলিরা। এতে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ সন্দেহের কারণে কৌসুলিরা কানের বিরুদ্ধে মামলা খারিজ করে দিলে তার রাজনৈতিক কেরিয়ার আবার উজ্জ্বল হয়ে উঠবে। পুলিশ ও কৌসুলিরা প্রথমে ওই হোটেলকর্মীর কথায় আস্থা প্রকাশ করে এবং স্ট্রস-কানের বিরুদ্ধে প্রমাণ উড়িয়ে দেওয়ার মতো নয় বলে মত দেয়। জন্মসূত্রে গিনির ওই হোটেলকর্মী বলেছিলেন, স্ট্রস-কান হোটেল কক্ষের বাথরুম থেকে নগ্ন হয়ে বেরিয়ে তাকে ধাওয়া করেন এবং তার (কান) সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হতে বাধ্য করেন। ফরেনসিক রিপোর্টেও যৌন সংসর্গের আলামত পাওয়া যায়। কিন্তু আইনজীবীরা এখন বলছেন, অভিযোগকারী তাদেরকে যা বলেছেন তার বেশির ভাগই বিশ্বাসযোগ্য না এবং তার কথায় অসঙ্গতি আছে। বিশেষ করে ধর্ষণের অভিযোগের ক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে বলা হয়েছে, কৌসুলিরা হোটেলকর্মীর বিশ্বাসযোগ্যতা নিয়ে তাদের সন্দেহের বিষয়টি শুক্রবার আদালতে জানানোর পরিকল্পনা করেন। মামলার শুনানির জন্য শুক্রবার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে স্ট্রস-কানের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৯ ঘ.