প্যারিস, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে লড়াইরত বিদ্রেহীদের অস্ত্র যোগান দিচ্ছে ফ্রান্স। লিবিয়ার পশ্চিমাঞ্চীয় পাহাড়ি অঞ্চলে ফ্রান্স বিমান থেকে এ অস্ত্র ফেলছে।
গাদ্দাফির শক্তিশালী ঘাঁটি রাজধানী ত্রিপোলি দখলের লড়াইয়ে বিদ্রোহীদের হাত শক্তিশালী করতে জেবেল নাফুসা অঞ্চলে বিমান থেকে প্যারাসুটে করে রকেট লাঞ্চার, অ্যাসাল্ট রাইফেল, মেশিনগান, ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ প্রচুর অস্ত্র নামাচ্ছে ফ্রান্স।
ন্যাটোর অন্যান্য সদসদের না জানিয়েই ফ্রান্স এ পদক্ষেপ নিয়েছে।
নাম উল্লেখ না করে কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ফ্রান্সের 'লা ফিগারো' পত্রিকা একথা জানিয়েছে। ফ্রান্সের সেনাবাহিনী খবরটি নিশ্চিত করেছে।
ঊর্ধ্বতন এক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ন্যাটো জোটের অন্যান্য সদস্যদেও সঙ্গে আলোচনা না করেই লিবিয়ার বিদ্রোহীদের অস্ত্র যোগান দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এ ছাড়া লড়াইয়ে এগিয়ে যাওয়ার আর কোনো উপায় নেই।
গাদ্দাফিকে হঠাতে ন্যাটো তিন মাস আগে লিবিয়ায় বিমান হামলা শুরু করলেও অগ্রগতি হচ্ছে ধীর গতিতে। এখন বিদ্রোহীরা রাজধানী ত্রিপোলির দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে।
গত রোববার বিদ্রোহীরা ত্রিপালির দক্ষিণ-পশ্চিমে বির আল গাহামে পৌঁছে বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে।
বিদ্রোহীদের এ অগ্রযাত্রার মধ্যেই ফ্রান্স এ নতুন উদ্যোগ নিলো। ফ্রান্সের সেনাবাহিনী জানিয়েছে, হালকা অস্ত্র ও গোলাবারুদ পাঠানো হয়েছে নাফুসা অঞ্চলের 'বারবার' আদিবাসী যোদ্ধাদের কাছে।
তবে ফ্রান্স সরকারের মুখপাত্র এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০১ঘ.
bdnews24