কারাকাস, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের নতুন ছবি ও ভিডিওচিত্র প্রকাশ করেছে কিউবা ও ভেনেজুয়েলা। হাভানায় অস্ত্রোপচারের পর শ্যাভেজের শারীরিক অবস্থার অবনতি নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনার মধ্যে এগুলো প্রকাশ করা হলো।
মঙ্গলবার প্রকাশিত ওই ভিডিওচিত্রে দেখা যায়, কিউবার নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে একটি খোলা জায়গায় হাঁটছেন শ্যাভেজ।
আরো দেখা যায়, ভেনেজুয়েলার পতাকার রঙের ট্র্যাকস্যুট পরা শ্যাভেজ চেয়ারে বসে কাস্ত্রোর সঙ্গে আলাপ করছেন। মঙ্গলবার প্রকাশিত কিউবার কমিউনিস্ট পার্টির পত্রিকা গ্রানমার একটি প্রতিবেদন পড়ছেন তারা।
১০ জুন শ্যাভেজের শরীরে অস্ত্রোপচার করা হয়। তলপেটে ওই অস্ত্রোপচারের পর থেকে সংবাদ মাধ্যমে দেখা যায়নি ৫৬ বছর বয়সী শ্যাভেজকে।
এতে চারদিকে গুজব ছড়িয়ে পড়ে, শ্যাভেজ গুরুতর অসুস্থ, মৃত্যুর সঙ্গে লড়ছেন।
তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য সোমবার দাবি তোলে বিরোধী দল।
ভেনিজুয়েলার যোগাযোগমন্ত্রী আন্দ্রেস ইজারা মঙ্গলাবার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, "প্রেসিডেন্ট শ্যাভেজের শারীরিক অবস্থা নিয়ে দেশবাসীর উদ্বেগ দূর করবে এ ছবিগুলো।
প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে যারা জল্পনা-কল্পনা করছিলেন তারা দেখুন তিনি ভালো আছেন, দ্রুত সেরে উঠছেন।"
ছবিতে আগের চেয়ে কিছুটা হালকা-পাতলা মনে হয়েছে শ্যাভেজকে।
এর আগে ভেনেজুয়েলার উর্ধ্বতন এক কর্মকর্তা রয়টার্সকে জানান, প্রদাহের কারণে প্রেসিডেন্টের পেটে অস্ত্রোপচার করা হয়েছে এবং তিনি সুস্থ হয়ে উঠছেন।
তবে প্রেসিডেন্টের মূত্রথলিতে ক্যান্সার হয়েছে বলে প্রচার চালায় বিরোধীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এবি/এএইচ/এএমটি/১৪২২ ঘ.
bdnews24