২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ট্যাংক থেকে গোলা হামলা

সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী রাতভর ট্যাংক থেকে গোলা হামলা চালিয়েছে বলে স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 07:45 AM

Updated : 24 Aug 2022, 03:27 PM

আম্মান, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী রাতভর ট্যাংক থেকে গোলা হামলা চালিয়েছে বলে স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন। এদিকে সংকট সমাধানে আগামী ১০ জুলাই সংলাপে বসার জন্য কর্তৃপক্ষ আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করেছে বিরোধীরা। তারা বলছেন, সরকারের দমনপীড়ন চলতে থাকা অবস্থায় সংলাপে বসা সম্ভব নয়। মঙ্গলবারের গোলা হামলা সম্পর্কে হামা ও আলেপ্পো শহরের সংযোগ সড়কের পশ্চিমের জাবাল আল-জাওয়া অঞ্চলের কিন সাফরা গ্রামের এক অধিবাসী রয়টার্সকে বলেন, "রামা ও ওরুম আল-জোজ গ্রামের আনুমানিক ২০ কিলোমিটার উত্তরে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে বসবাসকারী আমার আত্মীয়রা সেনা সদস্যদের মুহুর্মুহু গোলাবর্ষণের কথা জানিয়েছে।" অন্য এক অধিবাসী জানান, তুরস্ক সীমান্তবর্তী বামা গ্রাম থেকে সোমবার ৩০টি ট্যাংক জাবাল আল-জাওয়ায় নেওয়া হয়েছে। সেখানা সেনারা ঘরবাড়ি ভাঙছে এবং শস্য জ্বালিয়ে দেচ্ছে। সিরিয়ান ন্যাশনাল অর্গানাইজেশন ফর হিউমান রাইটস'র প্রধান আম্মার আল-কারাবি বলেন, জাবাল আল-জাওয়া চূড়ান্ত দমন অভিযানের অংশ হিসেবে এলোপাতাড়ি গোলা হামলা চালানো হচ্ছে। সেখানে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয় বলে জানান তিনি। কারাবি বলেন, "সরকার পতনের দাবিতে যে সব এলাকায় প্রথমদিকেই মানুষ রাস্তায় নামে জাবাল আল-জাওয়া সেগুলোর একটি। সেখানে সেনাবাহিনীর অভিযানে আরো মানুষ হতাহত হবে এবং অনেকে পালিয়ে তুরস্কে আশ্রয় নেবে।" মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, সিরিয়ায় গত মার্চ থেকে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় এ পর্যন্ত এক হাজার তিনশ'র বেশি মানুষ নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর দমন অভিযান থেকে বাঁচতে তুরস্কে পালিয়ে গেছে ১০ হাজারেরও বেশি মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এএইচ/এমআই/১৩৩৯ ঘ.