এথেন্স, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- গ্রিসের রাজধানী এথেন্সে মঙ্গলবার বিক্ষোভ-ধর্মঘট সহিংসতায় রূপ নিয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে বিক্ষোভকারীরা।
বিক্ষুব্ধ তরুণরা পুলিশের দিকে পাথর ও বোতল ছুড়ে মারাসহ পার্লামেন্টের বাইরে আবর্জনার স্তুপ এবং একটি টেলিকমস ট্রাকে আগুন দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ছোড়ে।
গ্রিস সরকার কঠোর ব্যয়সঙ্কোচন পদক্ষেপ নিতে পার্লামেন্টে ভোটের প্রস্তুতির মুহূর্তে ট্রেড ইউনিয়নের ৪৮ ঘণ্টার ধর্মঘটে মঙ্গলবার শামিল হয় হাজার হাজার মানুষ। এথেন্সে পার্লামেন্টের বাইরে জড়ো হয় বিক্ষোভকারীরা।
আইনপ্রণেতাদের কঠোর ব্যয়সঙ্কোচন পদক্ষেপ পাশের চেষ্টা ঠেকাতে এথেন্সের কেন্দ্রস্থলে রাস্তায় নামে জনতার ঢল। পার্লামেন্ট ঘেরাও করার সংকল্প নিয়ে পদযাত্রা শুরু করে তারা।
ওদিকে, বিক্ষোভকারীদের বাধা দিতে আগে থেকেই সিনটাগমা স্কয়ারে পার্লামেন্ট ভবনের কাছে মোতায়েন করা হয় ৫ হাজার পুলিশ। বিক্ষোভ প্রথমে শান্তিপূর্ণ হলেও পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে তা সহিংস হয়ে ওঠে।
ধর্মঘটের কারণে রাজধানীতে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। বন্ধ হয়ে গেছে সরকারের বেশির ভাগ পরিষেবা কার্যক্রম। বন্ধ হয়ে গেছে ব্যাংক ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল। ব্যাহত হচ্ছে ট্রেন, বাস এমনকি বিমান চলাচলও।
প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রু সোমবার বলেছেন, কেবলমাত্র ২৮ বিলিয়ন-ইউরো ব্যয়সঙ্কোচন পরিকল্পনাই গ্রিসকে আবার অর্থনৈতিক শক্তি সঞ্চয় করে উঠে দাঁড় করাতে পারে।
পাপান্দ্রু এ পরিকল্পনা পাশের জন্য পার্লামেন্টের সদস্যদের প্রতি আবেদন জানিয়েছেন। ভোটে সরকার হেরে গেলে ইইউ আইএমএফ গ্রিসকে ১২ বিলিয়ন অর্থ ঋণ সহায়তা দেওয়া স্থগিত করে রাখতে পারে।
আর বিলটি পাশ হলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ২য় কিস্তিতে বেইল আউট প্যাকেজের ১২ বিলিয়ন ইউরো পাবে গ্রিস।
ইইউ ইতোমধ্যেই গ্রিসকে সতর্ক করে দিয়ে বলেছে, ব্যয়সঙ্কোচন পরিকল্পনা পাশ না হলে দেশটি অচিরেই দেউলিয়াত্বের মুখে পড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪৩ ঘ.
bdnews24