ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- লিবিয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। মঙ্গলবার একথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)'র প্রধান কৌসুলি লুইস মোরেনো-ওকাম্পো।
তিনি লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে গ্রেপ্তার করে তাকে হত্যা ও নিপীড়নের অভিযোগে বিচারের জন্য হস্তান্তর করতে গাদ্দাফির সহযোগীদের প্রতি আহ্বান জানান।
হেগ এর আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গাদ্দাফি, তার ছেলে সাঈফ আল ইসলাম এবং গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ওকাম্পো এ আহ্বান জানালেন।
হেগ আদালতের সদরদপ্তরের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, "লিবিয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে।" আল জাজিরা এ খবর দিয়েছে।
ওকাম্পো জানান, লিবিয়ার বিদ্রোহীদের সমর্থনে অভিযান চালিয়ে যাওয়া ন্যাটোর সন্দেহভাজনদের গ্রেপ্তার করার এখতিয়ার নেই।
কিন্তু আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এখন সংঘাত বন্ধ হবে কিনা এ প্রশ্ম দেখা দিয়েছে জনমনে।
আইসিসি'র গ্রেপ্তারি পরোয়ানায় গাদ্দাফি ও তার সরকার একঘরে হয়ে পড়েছে। কিন্তু গাদ্দাফিকে গ্রেপ্তার করতে লিবিয়ার পাঠানোর জন্য কোনো পুলিশ বাহিনী আইসিসি'র নেই।
আর লিবিয়াও ইতোমধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাখ্যান করেছে।
লিবিয়ার বিচারমন্ত্রী মোহাম্মেদ আল-গামুদির উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানায়, "গাদ্দাফিকে হত্যা চেষ্টারত ন্যাটোকে আড়াল করতেই এ পরোয়ানা জারি করা হয়েছে।"
উপ পররাষ্ট্রমন্ত্রী খালেদ কাইম বলেন, আন্তর্জাতিক অপরাধ আদলত (আইসিসি) ইউরোপীয় পররাষ্ট্র নীতির বাহন হিসেবে কাজ করছে।"
তিনি বলেন, "এটি রাজনৈতিক আদালত। এ আদালত ইউরোপীয়দের হয়ে কাজ করেছে। আমাদের আদালতও মানবাধিকার লঙ্ঘন ও লিবিয়ার সংঘর্ষের সময়কার অপরাধগুলো বিচার করবে।"
ওদিকে, লিবিয়ার বিদ্রোহী ন্যাশনাল কাউন্সিলের প্রধান মুস্তফা আব্দুল জলিল আইসিসি'র পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, ন্যায়বিচার হয়েছে।
"গাদ্দাফিকে বিচারের আওতায় আনতে আমরা সম্ভাব্য সবকিছু করবো। লিবিয়ার জনগণ এ সিদ্ধান্ত বাস্তবায়নে সক্ষম," বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৪০ ঘ.
bdnews24