ক্যানবেরা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-দক্ষিণ চীন সাগরের ওপর চীনের দাবিকে কেন্দ্র করে বৃদ্ধি পেতে থাকা উত্তেজনা এশিয়ায় যুদ্ধে রূপ নিতে পারে বলে সতর্ক করেছে অষ্ট্রেলিয়ার নীতিমালা বিষয়ক গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান লয়ি ইন্সটিটিউট।
মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে তারা জানিয়েছে, প্রয়োজনীয় সম্পদ আহরণের জন্য চীন পূর্ব ও দক্ষিণ চীন সাগরে মনোযোগ দিয়েছে। এখানে চীনা সেনাবাহিনীর মারমুখি আচরণের কারণে সশস্ত্র সংঘাতের সম্ভবনা অনেক বেড়ে গেছে।
এখানে কোন সংঘাত শুরু হলে তার সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য শক্তিগুলোও জড়িয়ে পড়বে। তাতে এশিয়ায় ব্যাপক একটি যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে প্রতিবেদনটিতে শঙ্কা প্রকাশ করা হয়।
প্রতিবেদক রোরি মেডকাল্ফ ও রাউল হেইনরিচ লিখেছেন, "এশিয়ার ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের জাহাজের রুটগুলো ব্যস্ত হয়ে উঠছে, বাড়ছে প্রতিযোগিতাও। অর্থনীতির কৌশলগত ভারসাম্যে পরিবর্তনের মধ্যে এ অঞ্চলে নৌবাহিনী ও বিমানবাহিনীর শক্তি ক্রমাগত বাড়নো হচ্ছে। ফলে সশস্ত্র সংঘাত শুরুর আশঙ্কা বাড়ছে।"
"চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের দ্বন্দ্ব বজায় আছে এবং তা উত্তোরত্তর বাড়ার মুখে। দেখা দিচ্ছে নানা সংঘাত। ফলে যে কোন ঘটনায় সামরিক উত্তেজনা তৈরী হতে পারে যাতে কূটনৈতিক সংকট এমনকি যুদ্ধও শুরু হতে পারে।"
'এশিয়ার ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা ও বিশ্বশক্তি'র ওপর গবেষণাটি করা হয়।
গবেষণাটি এমন সময় প্রকাশ হলো যখন চীন তার প্রথম বিমানবাহী রণতরী উদ্ভোধন করতে যাচ্ছে। সম্ভবত এ সপ্তাহেই চীনা বিমানবাহী রণতরী পানিতে ভাসবে।
চীনের সামরিক সক্ষমতা ক্রমেই বাড়তে থাকায় এ অঞ্চলে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।
জুন মাসের প্রথমদিকে চীন তার সর্ববৃহৎ বেসামরিক টহলযান দক্ষিণ চীন সাগরে পাঠিয়েছে। এতে ফিলিপাইন শঙ্কিত হয়ে পড়ে। কারণ, দক্ষিণ চীন সাগরের কিছু এলাকা, যেখানে বিশাল তেল ও গ্যাসের সঞ্চয় আছে বলে ধারণা করা হয়, ফিলিপাইন নিজের বলে দাবি করে আসছে।
এই বিষয়গুলো দক্ষিণ চীন সাগরকে একটি বিপজ্জনক এলাকায় পরিণত করছে যা পরিস্থিতিকে যুদ্ধেও মুখে ঠেলে দিতে পারে বলে জানিয়েছে লয়ি।
প্রতিবেদনে চীন-জাপান, চীন-তাইওয়ান দ্বন্দ্ব ও দক্ষিণ চীন সাগরের ওপর চীনের একক দাবিতে অনড় অবস্থান বিশ্লেষণে ওই সতর্কতা জানানো হয়।
দক্ষিণ চীন সাগরের স্প্রাটলি দ্বীপপুঞ্জে প্রচুর তেল ও গ্যাসের মজুদ আছে বলে ধারণা করা হয়। এই দ্বীপগুলোর মালিকানা একইসঙ্গে দাবি করে আসছে চীন, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান ও মালয়েশিয়া।
ওদিকে, সোমবার যুক্তরাষ্ট্রের সিনেট দক্ষিণ চীন সাগরে ভিয়েতনাম ও ফিলিপাইনের বিরুদ্ধে চীনের শক্তি প্রদর্শনের নিন্দা জানিয়ে একটি বিল পাস করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬১৪ঘ.
bdnews24