২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ড্রোন হামলায় নিহত ২১

পাকিস্তানিদের অসন্তোষের মধ্যেও যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা থেমে নেই। এ ধরনের সর্বশেষ হামলায় নিহত হয়েছে ২১ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 06:19 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ওয়ানা, পাকিস্তান, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানিদের অসন্তোষের মধ্যেও যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা থেমে নেই। এ ধরনের সর্বশেষ হামলায় নিহত হয়েছে ২১ জন। আফগানিস্তান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানে সোমবার যুক্তরাষ্ট্রের দুটি চালকবিহীন বিমান (ড্রোন) থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ২১ জন নিহত হয়েছে। নিহতরা জঙ্গি বলে নিরাপত্তা বাহিনীর দাবি। পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, আদিবাসী অধ্যুষিত এলাকায় জুন মাসে যুক্তরাষ্ট্রের অভিযান তীব্রতর করার অংশ হিসেবেই এ হামলা হয়েছে। প্রথম ক্ষেপণাস্ত্রটি আফগান সীমান্তের গালমান্দি প্যাঙ্গা গ্রামে একটি চলন্ত গাড়িতে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই আট জন নিহত হয়। কয়েক ঘণ্টার ব্যবধানে আরেকটি ড্রোন থেকে দক্ষিণ ওয়াজিরিস্তানের প্রধান শহর ওয়ানার ৩০ কিলোমিটার উত্তরে মানতোই শহরের একটি জঙ্গি প্রশিক্ষণ শিবিরে তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে নিহত হয় ১৩ জন। মানতোই এলাকায় কর্মরত পাকিস্তানি এক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, "জঙ্গিদের প্রশিক্ষণ শিবিরটি অনেক বড় ছিলো। হামলার পর তারা এলাকাটি ঘিরে রেখেছে। ধ্বংসস্তুপ থেকে তারা লাশগুলো সরিয়ে নিচ্ছে।" হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন আরেক কর্মকর্তা। হতাহতদের সংখ্যা নিরপেক্ষ কোনো সূত্রের মাধ্যমে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স। হতাহতদের সংখ্যা বিষয়ে সরকারি ভাষ্য জঙ্গিরা প্রায়ই অস্বীকার করে। মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হত্যার পর থেকে পাকিস্তানের আফগান সীমান্ত এলাকায় ড্রোন হামলার মাত্রা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াজিরিস্তান অঞ্চলে ড্রোন হামলায় এ মাসে এ পর্যন্ত ৮৮ জন নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১১৪০ঘ.