২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল কায়েদার ঘাঁটিতে অভিযানে নিহত ১৭ : মৌরিতানিয়া

মালির মৌরিতানিয়া সীমান্তের ওয়াগাদৌ বনাঞ্চলে আল কায়েদার ঘাঁটিতে শুক্রবার মালি ও মৌরিতানিয়ার সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মৌরিতানিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 01:12 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

নৌয়াকছোট, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মালির মৌরিতানিয়া সীমান্তের ওয়াগাদৌ বনাঞ্চলে আল কায়েদার ঘাঁটিতে শুক্রবার মালি ও মৌরিতানিয়ার সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে মৌরিতানিয়া। মৌরিতানিয়া সেনাবাহিনীর এক মুখপাত্র রোববার জানিয়েছেন, অভিযানে ১৫ আল কায়েদা জঙ্গি নিহত হয়েছে এবং ৯ জনকে মালির সেনারা আটক করেছে। এসময় মৌরিতানিয়ার ৭ সেনা আহত হয় বলে জানান তিনি। এদের মধ্যে দুজন পরে মারা যায়। এক সংবাদ সম্মেলনে মৌরিতানিয়া সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল তৈয়ব ওউল্দ ব্রাহিম জানান, মৌরিতানিয়ার সীমান্ত থেকে ৭০ কিলোমিটার দূরে অভিযানটি চালানো হয়। ওই এলাকায় আল কায়েদার সুরক্ষিত এক সশস্ত্র দলের ঘাঁটি (মূল ঘাঁটি নয়) মৌরিতানিয়ার নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছিল জানিয়ে তিনি বলেন," তাই মৌরিতানিয়ার সেনাবাহিনী সেখানে উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়"। তিনি জানান, অভিযান এখনও চলছে। এ কারণে বিস্তারিত আর কিছু জানানো যাবে না বলে জানান তিনি। মৌরিতানিয়া সেনাবাহিনীর অপারেশন্স ব্যুরোর অপর এক কর্মকর্তা জানান, তারা আল কায়েদার ঘাঁটি নির্মূলের জন্যই অভিযান চালানো হচ্ছে। "অভিযান সুপরিকল্পিত, যুদ্ধে আমাদের টেনে নেওয়া হয়নি", বলেন কর্নেল ব্রাহিম ভ্যাল ওউল্দ চেইবানি, "আমরা জেনে বুঝেই এগিয়েছি...আমরা শত্রুকে খুঁজে বের করে ধ্বংস করার জন্যই অভিযান চালিয়েছি"। মালির আর মৌরিতানিয়ার সেনারা দুদিক থেকে আক্রমণ করে বলে জানান তিনি। আল কায়েদার মূল ঘাঁটি মৌরিতানিয়ার সীমান্তের ভিতরে হওয়ায় তারা সেটি ধ্বংস করার দাবি করেন ব্রাহিম চেইবানি। ওয়াগাদৌ বনাঞ্চলে আল-কায়েদা ইন ইসলামিক মাগরেবের (একিউআইএম) ঘাঁটি ছিল। মাগরেব বলতে উত্তর আফ্রিকার পশ্চিমাংশকে বুঝানো হয়। আরবি 'মাগহ্রিব' শব্দের অর্থ 'পশ্চিম'। গত শতকের নব্বইয়ের দশকে আলজেরিয়ায় লড়াইরত ইসলামপন্থী সালাফিস্ট গ্রুপ থেকে একিউআইএম'র উদ্ভব ঘটে। ২০০৭ সালের ডিসেম্বরে আলজিয়ার্সে জাতিসংঘ দপ্তরে হামলা চালায় আল-কায়েদার এ শাখা। তাতে ২৬ জন নিহত হন। ওই অঞ্চলে ইউরোপীয় স্থাপনা ও নাগরিকদের ওপর হামলা চালিয়ে আসছে একিউআইএম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫০৩ঘ.