ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাহিত্য সংস্কৃতির ঐক্যবদ্ধ চর্চার মাধ্যমে বিশ্বব্যাপী ভ্রাতৃত্ববন্ধন সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে ঢাকায় প্রথম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন শুরু হয়েছে।
রোববার সকালে বাংলা একাডেমীর সেমিনার কক্ষে এ সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিন দিনব্যাপী সম্মেলনের আয়োজন করেছে বাংলা একাডেমী।
অর্থমন্ত্রী বলেন, সাহিত্য আমাদের জন্য জ্ঞানের ক্ষেত্র তৈরি করে দেয়। এর মাধ্যমে বাস্তবতা, হৃদয়াবেগ ও মানুষের আচরণের প্রতিফলন ঘটে থাকে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলা একাডেমীর সভাপতি জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী বলেন, দক্ষিণ এশিয়ার প্রতিটি ভাষা ও সাহিত্যের সঙ্গে ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ 'সাহিত্যিক বন্ধন' জোরদারের জন্য অনুবাদ সাহিত্যের উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে 'দক্ষিণ এশিয়ার সমকালীন সাহিত্য' শীর্ষক সম্মেলনের মূলবিষয়বস্তু উপস্থাপন করেন লেখক-কবি নুরুল হুদা।
সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, বাংলা একাডেমীর মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান ও তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সুরাইয়া বেগম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এর আগে শিল্পী পাপিয়া সারোয়ার ও মার্কিন রবীন্দ্র গবেষক জন থরপের রবীন্দ্রসঙ্গীত পরিবেশন এবং শিল্পী খায়রুল আনাম শাকিলের নজরুল সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
সাহিত্য সম্মেলনে বাংলাদেশ, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, জাপান, পাকিস্তান ও চীনের সাহিত্য বোদ্ধারা অংশ নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২৩৪০ ঘ.
bdnews24