আলজিয়ার্স, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লিবিয়ার বিদ্রোহীরা রাজধানী ত্রিপোলির প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পৌঁছেছে। সেখানে বির আল গানাম শহর দখলের জন্য সরকারি বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে তারা।
বিদ্রোহীদের এক মুখপাত্র সোমবার একথা জানিয়েছেন।
জিনটান শহরে বিদ্রোহীদের মুখপাত্র জুমা ইব্রাহিম টেলিফোনে বলেন, আমরা বির আল-গানাম শহরের দক্ষিণ-পশ্চিম উপকণ্ঠে পৌঁছেছি।
তিনি বলেন, সেখানে লড়াই হয়েছে। আমাদের কিছু যোদ্ধা শহীদ হয়েছে। সরকারি পক্ষেও হতাহতের ঘটনা ঘটেছে। আমরা কিছু হাতিয়ার এবং যান দখল করেছি। আজ সেখানে পরিস্থিতি শান্ত এবং বিদ্রোহীরা এখনো তাদের অবস্থানে আছে।
লিবিয়ায় এ পরিস্থিতির মধ্যেই গাদ্দাফির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি।
আইসিসি'র প্রধান কৌসুলি গাদ্দাফির ছেলে সাঈফ আল ইসলাম এবং লিবিয়ার গোয়েন্দা প্রধান আবদুল্লাহ সেনুসির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৮ ঘ.
bdnews24