ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের স্বাস্থ্য নিয়ে জল্পনা বাড়ছে। দুই সপ্তাহ আগে কিউবায় শ্যাভেজের অস্ত্রোপচারের পর থেকে জনসম্মুখে তার অনুপস্থিতির কারণে তাকে নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে।
শ্যাভেজকে শেষবারের মতো দেখা গেছে ৯ জুনে। সম্প্রতি তিনি চিকিৎসাধীনে রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে এক খবরে জানিয়েছে 'দ্য ডেইলি মেইল'।
শুক্রবার কিউবার পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস মাদুরো জানান, "শ্যাভেজ স্বাস্থ্য সমস্যা কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছেন।"
তবে ভাইস প্রেসিডেন্ট ইলিয়াস হুয়া অভিযোগ করে বলেছেন, গণমাধ্যম শ্যাভেজের স্বাস্থ্য নিয়ে জল্পনা বাড়াচ্ছে।
হুগো শ্যাভেজকে সাধারনত সবাই বাকপটু বলেই জানেন। কিন্তু ১০ জুন অস্ত্রোপচারের পর থেকে তিনি নীরব রয়েছেন।
আন্তর্জাতিক সফরের অংশ হিসেবে কিউবা সফরের সময় এ অস্ত্রোপচার করান শ্যাভেজ।
১২ জুন ভেনেজুয়েলার রাষ্ট্রীয় গণমাধ্যমে একটি টেলিফোন বার্তায় 'সুস্থ হয়ে উঠছেন' জানানো পর থেকে তার আর কোনো সাড়া মেলেনি।
মাইক্রো-ব্লগিং ওয়েবসাইট টুইটারের নিয়মিত ব্যবহারকারী শ্যাভেজ। সেখানেও শুক্রবার পর্যন্ত ১৯ দিনে নতুন কিছু পোস্ট করেননি তিনি।
তবে শনিবার এক টুইটে তিনি লিখেছেন, নাতি-নাতনিদের নিয়ে মেয়ে রোজিনেস তাকে দেখতে গেছেন।
শ্যাভেজের ভাই রাজ্য গভর্নর এডেন শ্যাভেজ রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, হুগো শ্যাভেজ ভালোভাবেই সেরে উঠছেন।
ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, শ্যাভেজের প্রোস্টেট ক্যান্সার' হয়েছে বলে ভেনেজুয়েলায় কানাঘুষা চলছে।
গোয়েন্দা কর্মকর্তারা ক্যান্সার নির্ণয়ের বিষয়টি নিশ্চিত না করলেও গত ৭২ ঘণ্টায় হুগো শ্যাভেজের পরিবার কিউবা গেছে বলে জানিয়েছে।
ভেনেজুয়েলা সরকার প্রেসিডেন্ট শ্যাভেজের দেশের বাইরে থাকার বিষয়টিকে রাষ্ট্রের গোপনীয় বিষয় হিসেবে দেখছে এবং এ সম্পর্কে কোনো তথ্য দিচ্ছে না।
"শ্যাভেজ কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন" সরকার একথা বললেও সময় গড়িয়ে যেতে থাকায় এবং শ্যাভেজ এখনো কিউবাতেই অবস্থান করায় ৫৬ বছর বয়সী এই প্রেসিডেন্ট 'মারাত্মকভাবে অসুস্থ' হয়ে পড়েছেন বলে ভেনেজুয়েলায় জল্পনা সৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৩৯ ঘ.
bdnews24