২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওসামা: টাইমসের প্রতিবেদন প্রত্যাখ্যান পাকিস্তানের

আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের সঙ্গে পাকিস্তানি জঙ্গি সংগঠন ও গোয়েন্দা সংস্থার যোগাযোগ বিষয়ে নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনের নিন্দা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 12:42 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ইসলামাবাদ, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের সঙ্গে পাকিস্তানি জঙ্গি সংগঠন ও গোয়েন্দা সংস্থার যোগাযোগ বিষয়ে নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনের নিন্দা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, বিন লাদেন হত্যা অভিযানে পাকিস্তানের অ্যাবোটাবাদের বাড়ি থেকে জব্দ করা একটি সেল ফোনের তথ্য বিশ্লেষণে জানা যায়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা জঙ্গি সংগঠন হরকাত-উল-মুজাহিদিনের সঙ্গে সখ্যতা ছিলো ওসামার। এই সংগঠনের মাধ্যমে পাকিস্তানে সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি। টাইমসের প্রতিবেদনে বলা হয়, সেল ফোনটি ছিলো বিন লাদেনের এক বার্তাবাহকের। গত ২ মে অ্যাবোটাবাদের একটি বাড়িতে যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনীর অভিযানে বিন লাদেনের সঙ্গে তিনিও নিহত হন। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতহার আব্বাস শুক্রবার এক বিবৃতিতে জানান, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রত্যাখ্যান করছে সেনাবাহিনী। "ওই প্রতিবেদন আমাদের নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে চলতে থাকা সাজানো আক্রমণের অংশ"- বলেন তিনি। আব্বাস বলেন, "আল-কায়েদার পক্ষ থেকে করা সমস্যা সবচেয়ে বেশি মোকাবেলা করতে হয়েছে পাকিস্তান ও তার নিরাপত্তা বাহিনীকেই এবং তাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ব্যবস্থাও নিয়েছে তারা। টাইমসের শব্দের চেয়ে মাঠে আমাদের কার্যক্রম বেশি জোরালো।" টাইমস এর প্রতিবেদনে বলা হয়, সেল ফোন কলের সূত্র ধরে মার্কিন বিশ্লেষকরা বলছেন, হরকাত কমান্ডাররা পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তাদের ফোন করেছে। তবে সে কলগুলোতে বিন লাদেন এবং তার সুরক্ষার বিষয়ে কোনো কিছু ছিলো না কিংবা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা তাকে রক্ষা করছে এমন কিছুও ছিলো না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/১৮৩৪ ঘ.