কাবুল, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের লোগার প্রদেশের একটি হাসপাতালে শনিবার এক আত্মঘাতী বোমা হামলায় ৩৫ জন নিহত হয়েছেন।
প্রাদেশিক কর্মকর্তারা নিহতের এ সংখ্যা জানান। তবে, নিহতের সংখ্যা নিয়ে ভিন্ন রকম খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। আল জাজিরা বলেছে এ ঘটনায় ৩০ জন নিহত হয়েছেন। আর, বিবিসি বলেছে ১৫ জন নিহত হয়েছেন।
আল জাজিরা জানায়, লোগার প্রদেশের আজরা জেলার একটি হাসপাতালে এ আত্মঘাতী বোমা হামলার ঘটনায় আহত হয়েছেন আরো ৪৫ জন।
লোগার প্রদেশের মুখপাত্র দ্বীন মোহাম্মদ দরবেইশের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানায়, "হামলার লক্ষ্য স্পষ্ট না হলেও এটা পরিস্কার যে হাসপাতালে হামলা হয়েছে এবং বেসামরিক লোকজন হতাহত হয়েছেন। হতাহতরা সবাই হাসপাতালের রোগী, দর্শণার্থী আত্মীয়স্বজন ও হাসপাতালের কর্মী।"
বিবিসি জানিয়েছে, এ হামলার জন্য আফগান কর্মকর্তারা তালেবানকে দায়ী করেছে।
তবে তালেবানের এক মুখপাত্র এ হামলার দায় অস্বীকার করে জানিয়েছে, তারা সাধারণ স্থানে হামলা চালায় না। "কোনো উদ্দেশ্যে নিয়ে অন্য কেউ এ হামলা চালিয়েছে" বলেও দাবী করে তারা।
আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে এক হামলায় ১০ জন নিহত ও ২৪ জন আহত হওয়ার একদিন পরই লোগারে এ হামলার ঘটনা ঘটল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এবি/এএমটি/১৬১৬ ঘ.
bdnews24